ব্যবসায়ীকে গুলি করে ২৮ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারে ব্যস্ততম এলাকা বাজার রোডে গতকাল রোববার এক ব্যবসায়ীকে গুলি করে ২৮ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
আহত ব্যবসায়ীর নাম মিঠুন চক্রবর্তী (২৯)। তিনি সাভার নামা বাজারের ব্যবসায়ী। তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক।
সাভার মডেল থানার পুলিশ বলেন, মিঠুন চক্রবর্তী (২৯) ও তাঁর ভাই শুভ চক্রবর্তী (২৫) গতকাল দুপুর ১২টার দিকে এক বেসরকারি ব্যাংকের বাজার রোড শাখা থেকে ২৮ লাখ টাকা তোলেন। পরে তাঁরা রিকশা করে নামা বাজারে যাচ্ছিলেন। তাঁরা সাভার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে ওত পেতে থাকা দুর্বৃত্তরা মিঠুনের গলায় গুলি করে টাকার থলে নিয়ে দ্রুত পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করেছে।
শুভ চক্রবর্তী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছানোর পরপরই দুই দুর্বৃত্ত একটি মোটরসাইকেল নিয়ে এসে তাঁদের গতিরোধ করে। এরপর তারা মিঠুনের হাতে থাকা টাকার থলে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে দুর্বৃত্তদের একজন তাঁর ভাইয়ের গলায় পিস্তল ঠেকিয়ে গুলি করে। তখন তিনি মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা টাকার থলে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ইজিবাইকের এক চালক বলেন, প্রাথমিক বিদ্যালয়ের পাশে ছয় থেকে সাতজন লোক তিনটি মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করছিল। তাদের প্রত্যেকে হেলমেট পরা ছিল। হঠাৎ তাদের দুজন একটি মোটরসাইকেল দিয়ে তাঁর বেশ কয়েক গজ সামনে থাকা একটি রিকশা থামায়। ওই রিকশার পাশ দিয়ে ইজিবাইক নিয়ে কিছুদূর যাওয়ার পর তিনি গুলির শব্দ শুনতে পান। পরে টাকা ছিনতাইয়ের কথা জানতে পারেন।
এ বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের পাশাপাশি ছিনতাই হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।
এর আগে গত বছরের ৩ নভেম্বর দুপুরে মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত সাভার ব্যাংক কলোনি এলাকা থেকে অস্ত্রের মুখে এক ব্যক্তির ২২ লাখ টাকা ছিনিয়ে নেয়। পুলিশ ওই টাকা উদ্ধার করতে পারেনি।