ব্যবসায়ীকে গুলি করে ৬০ ভরি সোনা লুট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের হ্নীলার চৌধুরীপাড়া সেতু এলাকায় আজ সোমবার রাতে এক ব্যবসায়ীকে গুলি করে প্রায় ৬০ ভরি সোনা ও ২০ হাজার টাকা দুর্বৃত্তরা লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ সময় ওই ব্যবসায়ীকে বাঁচাতে আসলে আরেকজনকেও গুলি করে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ দুজনকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গুলিবিদ্ধ দুজন হলেন চৌধুরীপাড়ার মৃত কালা চের ছেলে টেকনাফ উপজেলা মানবাধিকার কমিশনের সহসভাপতি মং থোই হ্লা (৪৫) ও নাটমোরাপাড়ার রশিদ আহমদের ছেলে নুর হোসেন (৪০)।

প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার হ্নীলা স্টেশনের সিকদার প্লাজার সোমা স্বর্ণালয়ের স্বত্বাধিকারী মং থোই হ্লা ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে একটি ব্যাগে প্রায় ৬০ ভরি সোনা ও ২০ হাজার টাকাসহ মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। তিনি টেকনাফ-কক্সবাজার সড়কের জালালের খামার সংলগ্ন চৌধুরীপাড়া সেতু এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ৫-৬ জনে দুর্বৃত্তের একটি দল পথ রোধ করে। তারা মংয়ের কাঁধে থাকা ব্যাগটি ধরে টান দেয়। মং এতে বাধা দিলে দুর্বৃত্তরা তাঁর বাম পায়ের ঊরুতে গুলি ও পিটে ধারালো ছুরি দিয়ে আঘাত করে সোনা ভর্তি ব্যাগ ও টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ সময় মংয়ের চিৎকার ও গুলির শব্দ শুনে পার্শ্ববর্তী খামারের ম্যানেজার নুর হোসেন এগিয়ে এলে তাঁকেও লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে প্রথমে হ্নীলা উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
হ্নীলা উপস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক শংকর চন্দ্র দেবনাথ বলেন, গুলিবিদ্ধ দুজনের অবস্থা আশঙ্কাজনক। মং থোই হ্লায়ের বাম পায়ে গুলি ও পিটে ছুরি এবং নুর হোসেনের মাথা, পা ও গালে গুলি লেগেছে।

গুলিবিদ্ধদের পরিবার সূত্র জানায়, রাত সাড়ে নয়টার দিকে মং থোই হ্লাকে কক্সবাজার হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হলেও নুর হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার বলেন, ঘটনার খবর পেয়ে তিনিসহ একদল পুলিশ ঘটনাস্থল গিয়েছিলেন। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করার জন্য অভিযান চলছে।