ব্যবসায়ীকে গুলি, পাঁচ লাখ টাকা ছিনতাই
নরসিংদীতে আবু কাউছার নামের এক ব্যবসায়ীকে গুলি করে পাঁচ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার শহরের সাটিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আবু কাউছার নরসিংদী চৌয়ালা এলাকার কাউছার টেক্সটাইল মিলের মালিক ও শহরের সাটিরপাড়া কুমিল্লা কলোনি এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবু কাউছার বিকেল চারটার দিকে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পাঁচ লাখ টাকা নিয়ে রিকশায় করে বাড়ির উদ্দেশে রওনা হন। পৌনে পাঁচটায় তাঁকে বহনকারী রিকশাটি সাটিরপাড়া তিন রাস্তার মোড়ে পৌঁছায়। এ সময় তিন-চারজন ছিনতাইকারী রিকশার গতিরোধ করে। এরপর তারা কাউছারের দিকে আগ্নেয়াস্ত্র তাক করে টাকা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে ছিনতাইকারীরা তাঁর পেটে গুলি করে টাকা নিয়ে পালিয়ে যায়। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। এরপর তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। ঘটনার প্রতিবাদে চৌয়ালা শিল্প এলাকার মালিক ও শ্রমিকেরা ঢাকা-নরসিংদী সড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখেন।
সদর হাসপাতালের একজন চিকিৎসক বলেন, কাউছারের পেটে গুলি লাগে। সদর মডেল থানার ওসি কে এম আবুল কাসেম বলেন, এ ঘটনায় ছাদু মিয়া (২২) নামের এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে।