ব্যবসায়ীকে ধরতে গিয়ে তিন পুলিশ কর্মকর্তা অবরুদ্ধ
রাজশাহীর বাগমারায় গত বৃহস্পতিবার রাতে সাদা পোশাকে এক ব্যবসায়ীকে ধরতে গেলে তিন পুলিশ কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখে স্থানীয় লোকজন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী পাঁচ-ছয়জন বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে বাগমারা থানার তিনজন পুলিশ কর্মকর্তা সাদা পোশাকে উপজেলার মাদারীগঞ্জ বাজারে যান। তাঁদের মধ্যে একজন নিজেকে পুলিশের লোক পরিচয় দিয়ে বাজারের চাল ব্যবসায়ী রেজাউল ইসলামকে আটক করেন। এ সময় ব্যবসায়ী ও স্থানীয় লোকজন তাঁর পরিচয়ে সন্দেহ প্রকাশ করেন এবং তাঁকে ঘিরে রাখেন। লোকজন ব্যবসায়ীকে আটকের সপক্ষে কাগজপত্রও দেখতে চান, কিন্তু তাঁরা তা দেখাতে ব্যর্থ হন। এ সময় আওয়ামী লীগের গণিপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শামসুল হকও সেখানে উপস্থিত হয়ে তাঁদের পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করেন। তিনি তিনজনকে আওয়ামী লীগের ইউনিয়ন শাখার কার্যালয়ে নিয়ে আটকে রাখেন। থানায় খবর দেওয়া হলে অতিরিক্ত পুলিশ গিয়ে ঘণ্টা খানেক পর তাঁদের উদ্ধার করে এবং ব্যবসায়ী রেজাউল ইসলামকে আটক করে নিয়ে যায়।
থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান ওই অভিযানে নেতৃত্ব দেন। অন্য দুজন সহকারী উপপরিদর্শক (এএসআই)। এসআই আসাদুজ্জামান বলেন, ব্যবসায়ী রেজাউল ইসলামের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ রয়েছে। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে ধরতে গেলে আওয়ামী লীগের স্থানীয় নেতা শামসুল হক ও স্থানীয় লোকজন তাঁদের পরিচয় নিয়ে সন্দেহ প্রকাশ করেন। পরিচয় দেওয়ার পরেও তাঁরা খারাপ আচরণ করেছেন বলে তিনি অভিযোগ করেন।
সাদা পোশাকে অভিযানে যাওয়া নিষেধ থাকলেও তিনি কেন এভাবে আসামি ধরতে গেলেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, পোশাকে থাকলে আসামি পালিয়ে যাবে, এ জন্য সাদা পোশাকে ছিলেন বলে জানান।
এ বিষয়ে শামসুল হক বলেন, তিন-চার শ লোক তিন ব্যক্তিকে ভুয়া পুলিশ সন্দেহে ঘিরে রেখেছিল। তাঁদের পরিচয় নিয়ে সন্দেহ হওয়ায় সেখান থেকে উদ্ধার করে দলীয় কার্যালয়ে রেখে চা পান করানো হয়েছে। তিনি তাঁদের সঙ্গে কোনো খারাপ আচরণ করেননি বলে দাবি করেন।
আটক রেজাউল ইসলামের আত্মীয়স্বজন অভিযোগ করেন, কোনো মামলা না থাকলেও অযথা পুলিশ রেজাউলকে দোকান থেকে তুলে নিয়ে গেছে।
তবে এসআই আসাদুজ্জামান বলেন, রেজাউল ইসলামের বিরুদ্ধে টাকা-সংক্রান্ত প্রতারণার অভিযোগ থাকায় তাঁকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।