ব্যবসায়ীকে ধরে মারধর এসআই প্রত্যাহার
সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় রহমত আলী (৩০) নামের এক ব্যবসায়ীকে ধরে এনে মারধরের অভিযোগে গত বুধবার উপপরিদর্শক (এসআই) লুৎফুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। গত মঙ্গলবার রহমত আলীকে মারধর করেন এসআই লুৎফুর।
তবে পুলিশ বলছে, ওই ব্যবসায়ীর বিরুদ্ধে ১৮ লাখ টাকার প্রতারণা মামলা আছে। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
রহমত আলীর পরিবার সূত্রে জানা গেছে, জগন্নাথপুরের শ্রীধরপাশা গ্রামের রহমত আলী দীর্ঘদিন ধরে সিলেট সদরের শামীমাবাদ এলাকায় থাকেন। সেখানে তিনি ব্যবসা করেন।
রহমত আলীর আত্মীয় মাসুদ আহমদ বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে লুৎফুর শামীমাবাদ এলাকার বাসা থেকে রহমত আলীকে ধরে থানায় নিয়ে মারধর করেন। গত বুধবার দুপুরে তাঁরা বিষয়টি পুলিশের সিলেট রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে মৌখিকভাবে জানান। ডিআইজির নির্দেশে বুধবার সন্ধ্যায় অতিরিক্ত ডিআইজি মো. আক্কাস আলী ভূঁইয়া ও সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জগন্নাথপুর থানায় গিয়ে বিষয়টি তদন্ত করেন। অভিযোগের সত্যতা পেয়ে এরপর রাতেই এসআই লুৎফুরকে তাঁর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এসআই লুৎফুর অভিযোগ অস্বীকার করে বলেন, রহমত আলীকে তিনি মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় সিলেটের মদিনা মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করেন। তাঁকে মারধর করা হয়নি।