ব্যবসায়ীকে নির্যাতনের অভিযোগ, দুই পুলিশ কর্মকর্তা জড়িত
গাজীপুরের টঙ্গীর মরকুন এলাকায় গত বুধবার রাতে এক ব্যবসায়ী পুলিশের হাতে নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় টঙ্গী থানার দুই সহকারী উপপরিদর্শককে (এএসআই) প্রত্যাহার করা হয়েছে।
প্রত্যাহার করে পুলিশ লাইনে নেওয়া দুই এএসআই হলেন সালাহ উদ্দিন ও সাফিউল আলম।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সাবেক টঙ্গী পৌরসভার কার্যাদেশে মরকুন পৌর কবরস্থান মসজিদ নির্মাণের সময় স্থানীয় মেসার্স সাদিয়া এন্টারপ্রাইজ থেকে বাকিতে সিমেন্ট নিয়ে কাজ করতেন প্রকল্পের ঠিকাদার রবিউল আলম। প্রকল্পের কাজ শেষ হলেও সিমেন্টের বাকি টাকা পরিশোধ করেননি ওই ঠিকাদার। প্রায় সাড়ে তিন বছর ধরে মেসার্স সাদিয়া এন্টারপ্রাইজের মালিক আবু সায়েম বকেয়া ১ লাখ ৩৫ হাজার টাকার জন্য তাগাদা দিয়ে আসছিলেন। এমনকি এই টাকা আদায়ের জন্য তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছেও বিচারপ্রার্থী হন। এতে ক্ষিপ্ত হয়ে ঠিকাদার রবিউল গত বুধবার রাত সাড়ে ১১টায় কয়েকজন সন্ত্রাসী এবং সাদা পোশাকে এএসআই সালাহ উদ্দিন ও সাফিউল আলমকে নিয়ে ওই ব্যবসায়ীর ওপর হামলা চালান। এ সময় ওই ব্যবসায়ী পাশের এক বাড়িতে আশ্রয় নেন। ওই বাড়িতে ঢুকেও তাঁকে বেধড়ক মারপিট করা হয়। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে দুই পুলিশ কর্মকর্তাসহ তাঁদের ঘেরাও করে আটকে রাখে। প্রায় দেড় ঘণ্টা আটকে রাখার পর টঙ্গী থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে এবং আহত ব্যবসায়ী আবু সায়েমকে গুরুতর আহত অবস্থায় টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করে। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি জানার পর গাজীপুরের পুলিশ সুপার মো. হারুন অর রশিদ ওই দুই এএসআইকে থানা থেকে প্রত্যাহার করে গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করেন।
চিকিৎসাধীন ব্যবসায়ী আবু সায়েম জানান, পাওনা টাকা চাওয়ায় ইতিপূর্বেও তাঁর বাড়িতে হামলা চালানো হয়েছে এবং ঠিকাদার রবিউল প্রভাবশালী হওয়ায় তিনি কোথাও বিচার পাচ্ছেন না।
ঠিকাদার রবিউল আলম জানান, আবু সায়েম তাঁর কাছে কোনো টাকা পাবেন না এবং তিনি তাঁর ওপর হামলাও করেননি।
টঙ্গী মডেল থানার ওসি কাজী ইসমাইল হোসেন জানান, কর্তৃপক্ষের বিনা অনুমতিতে সাদা পোশাকে কথিত অভিযানে যাওয়ার অভিযোগে এএসআই সালাহ উদ্দিন ও সাফিউল আলমকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।