ব্যবসায়ীকে পিটিয়ে আহত করলেন যুবলীগের নেতা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা সদর উপজেলায় যুবলীগের স্থানীয় এক নেতা গতকাল বৃহস্পতিবার একজন ব্যবসায়ীকে পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত ব্যবসায়ীর নাম মো. সাইদুর রহমান। তিনি ভোলা শহরের টিভিএস মোটরসাইকেলের পরিবেশকসহ পাথর, কয়লা ও বালুর ব্যবসায়ী হিসেবে পরিচিত। যুবলীগের ওই নেতার নাম লিয়াকত আলী। তিনি সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানও।
সাইদুর রহমান বলেন, ‘আমি ব্যবসায়ী। এটাই আমার মূল পরিচয়। সবাই আমাকে বিএনপির সমর্থক হিসেবে চেনেন। আমি ভোলা শহরের উকিলপাড়ার যুবক হাউজিং কোম্পানির কাছ থেকে দুটি প্লট কিনেছি। সেখানে গতকাল বৃহস্পতিবার বাঁশ, খুঁটি ও ইট দিয়ে টিনের ঘর তুলছিলাম। জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী হঠাৎ হামলা করে ঘর ভেঙে ফেলে দেন এবং আমার লোকজনকে তাড়িয়ে দেন। এ বিষয়ে জিজ্ঞাসা করতে গেলে লিয়াকত আমাকে লাঠি দিয়ে পিটিয়ে জখম করেন এবং গালাগালও করেন। আনোয়ারুল ইসলাম নামের আরেক ব্যবসায়ী আমাকে ছাড়াতে গেলে লিয়াকত তাঁকেও দূর থেকে ধাওয়া করে লাঠি ছুড়ে মারেন। এতে তিনিও আঘাত পান। আমরা দুজনই স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছি।’ সাইদুর রহমান বলেন, তিনি সুস্থ হয়ে পুলিশের কাছে অভিযোগ করবেন। কয়েকজন প্রত্যক্ষদর্শী সাইদুরের অভিযোগের সত্যতা নিশ্চিত করেন।
লিয়াকত আলী বলেন, যুবক হাউজিংয়ে সাইদুর রহমানের পাশাপাশি তিনিও দুটি প্লট কিনেছেন। কিন্তু সাইদুর তাঁর ঘরগুলো বাঁকাভাবে নির্মাণ করে পথ নষ্ট করে দিয়েছেন। এ বিষয় নিয়ে তাঁর কাগজ দেখতে চান তিনি। তিনি কাগজ না দেখিয়ে অকথ্য ভাষায় গালাগাল করেন তাঁকে (লিয়াকত)। এ জন্য তিনি সাইদুরকে দুটি থাপ্পড় মেরেছেন। তবে লাঠি দিয়ে পিটিয়ে কাউকে জখম করেননি তিনি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।