ব্যবসায়ীকে পিটিয়ে টাকা ও মুঠোফোন ছিনতাই
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় শামসুল আলম (৪৮) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে আড়াই লাখ টাকা ও সাতটি মুঠোফোন সেট ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে।
শামসুলের বাড়ি উপজেলার গড়বাড়ি গ্রামে। তিনি গড়বাড়ি বাজারে ওষুধ ও পোলট্রি খাবার বিক্রি করছেন। এ ছাড়া তিনি ফ্লেক্সিলোড, বিকাশ ও ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট হিসেবে ব্যবসা করছেন। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ব্যবসায়ী শামসুল আলম বলেন, ওই দিন রাত সাড়ে সাতটার দিকে তিনি গড়বাড়ি বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাজারের পাশেই নিজ বাড়িতে ফিরছিলেন। পথে রাত পৌনে আটটার দিকে তিনজন দুর্বৃত্ত তাঁর পথরোধ করে। এ সময় দুর্বৃত্তরা তাঁর কাছে থাকা টাকার থলে নেওয়ার চেষ্টা করে। তাদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে তারা রড দিয়ে তাঁর মাথা ও হাতে আঘাত করে থলে নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।