ব্যবসায়ীকে পিটিয়ে পৌনে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মাতুয়াইলে গতকাল সোমবার এক ব্যবসায়ীকে পিটিয়ে পৌনে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। হাফিজুর রহমান নামের আহত ওই ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন হাফিজুর রহমান জানান, বেলা ১১টার দিকে তিনি মাতুয়াইলের মাজার রোডের বাসা থেকে মোটরসাইকেলে হাজি বাদশা মিয়া রোডে তাঁর ইট-বালু-সিমেন্ট বিক্রির দোকানে যাওয়ার জন্য বের হন। বাসা থেকে তিনি দেড় লাখ টাকা নিয়েছিলেন, পথে পাওনা বাবদ বিভিন্নজনের কাছ থেকে তিন লাখ ২৫ হাজার টাকা আদায় করেন। দুপুর ১২টার দিকে হাজি বাদশা মিয়া রোডে স্থানীয় কয়েকজন তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে। একপর্যায়ে তারা লাঠিসোঁটা ও রড দিয়ে তাঁকে বেধড়ক পিটিয়ে টাকা থাকা ব্যাগটি কেড়ে নিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করেন।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর বলেন, ‘এ রকম একটি ঘটনার কথা আমরা শুনেছি। কিন্তু ঘটনাটি ছিনতাই কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। আহত ব্যক্তি হামলাকারীদের চেনেন। তাই এটি পূর্বশত্রুতার জেরেও হতে পারে।’ ঘটনার বিষয়ে পুলিশের কাছে কেউ অভিযোগ করেনি বলে ওসি জানান।