ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় লিটন ঘোষ (৩৫) নামের এক মুদি ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পৌরশহরের শহীদ আমীর হোসেন সড়কের লিটন স্টোর নামে মুদি দোকানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আখাউড়া থানায় মামলা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আখাউড়া পৌরশহরের দেবগ্রামের সনেট দেওয়ান (২৫) গতকাল সকালে লিটনের দোকানের সামনে আসেন। এরপর কেরোসিনের বোতল হাতে নিয়ে লিটনকে গালাগাল শুরু করেন। একপর্যায়ে লিটনের শরীরে কেরোসিন ঢেলে দেন। এরপর আগুন ধরানোর চেষ্টা করেন। তবে আশপাশের দোকানিরা ছুটে এলে লিটন দৌড়ে পালিয়ে রক্ষা পান।
এর আগে সনেট উপজেলা কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী রাধামাধব আখড়ায় মন্দিরের কলাপসিবল গেট ভাঙার চেষ্টা করেন এবং মন্দিরের পুরোহিতের বাড়ির উঠানের মন্দিরের শিবলিঙ্গ ছুড়ে ফেলেন বলে পুরোহিত গৌতম চক্রবর্তী অভিযোগ করেন।
আখাউড়া থানার ওসি মো. মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, অভিযুক্ত তরুণকে ধরার চেষ্টা করছে পুলিশ।