ব্যবসায়ীকে পেটানোর অভিযোগ, ভোলায় এসআই প্রত্যাহার
ভোলার চরফ্যাশন উপজেলার এক ব্যবসায়ীকে পিটিয়ে জখম করার অভিযোগে লালমোহন থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হাইকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে।
ওই ব্যবসায়ীর নাম মোহাম্মদ আলী। তিনি আরএফএল কোম্পানির পরিবেশক। তাঁর বাড়ি চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নের চৌমুহনী গ্রামের আল-আমীন বাজারের কাছে।
প্রত্যক্ষদর্শী, ব্যবসায়ী ও স্বজনদের অভিযোগ, গত ১২ জানুয়ারি চৌমুহনী এলাকার মোহাম্মদ আলীর বসতঘরে তাঁর বোন ফুলবানু, ভগ্নিপতি শাজাহানসহ ছয়-সাতজন হামলা ও ভাঙচুর করেন। এ ঘটনায় মোহাম্মদ আলী ১৪ জানুয়ারি বোন-ভগ্নিপতিসহ ছয়জনকে আসামি করে চরফ্যাশন থানায় মামলা করেন। একই অভিযোগে থানায় মোহাম্মদ আলীর বোন ফুলবানু ১৫ জানুয়ারি বাদী হয়ে মোহাম্মদ আলীসহ পাঁচজনকে আসামি করে পাল্টা মামলা করেন।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, মোহাম্মদ আলী ও তাঁর বোনদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছে। সামান্য কথা-কাটাকাটি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের জের ধরে দুই পক্ষই মামলা করেছে। এ মামলা দুটির তদন্ত চলছে।
মোহাম্মদ আলীর স্বজনেরা আরও বলেন, চরফ্যাশন থানার মামলায় কিছু করতে না পেরে তাঁর আরেক বোন স্বপ্না বাদী হয়ে তাঁকে ও তাঁর মাকে পিটিয়ে জখম করার অভিযোগে এনে ১৫ ফেব্রুয়ারি লালমোহন থানায় মোহাম্মদ আলীসহ পাঁচজনকে আসামি করে আরেকটি মামলা করেন। ওই মামলার কথা মোহাম্মদ আলীর পরিবার জানে না। লালমোহন থানার এসআই আবদুল হাই ছয়-সাতজনকে নিয়ে চৌমুহনীর বাড়িতে মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করতে যান।
প্রত্যক্ষদর্শী, মোহাম্মদ আলী ও তাঁর স্ত্রী শামিমা নাসরিন বলেন, পুলিশ মোহাম্মদ আলীর বসতঘরে ঢুকলে তিনি (মোহাম্মদ আলী) ভাত খাওয়া ফেলে বাথরুমে পালিয়ে যান। এ সময় পুলিশ ও মুখোশপরা কয়েকজন ঘরে তল্লাশির নামে টাকা-পয়সা ও স্বর্ণালংকার লুট করে। একপর্যায়ে বাথরুম থেকে মোহাম্মদ আলীকে ধরে মারতে মারতে বাজারে কয়েক শ মানুষের সামনে নিয়ে আসে। পেটাতে পেটাতে একপর্যায়ে তাঁকে বিবস্ত্র করে ফেলে। এ সময় বাজারের লোকজন এগিয়ে এলে এসআই আবদুল হাই বাজারের লোকজনকে আইনের প্যাঁচে ফেলার হুমকি দিয়ে তাড়িয়ে দেন। পরে টেনেহিঁচড়ে তাঁকে থানায় নিয়ে যান।
মোহাম্মদ আলী আরও বলেন, ‘থানায় নিয়ে আমাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ সময় পুলিশকে ঘুষি দিয়ে পালিয়ে যাওয়ার কারণে পুলিশ মারধর করেছে—এমন অভিযোগ স্বীকার করার জন্য চাপ দেওয়া হয়। কিন্তু আমি স্বীকার করিনি। এ কারণে ওই এসআই আমাকে কয়েক দফা মারতে গেছেন। কিন্তু অন্য পুলিশের কারণে পারেননি।’
মোহাম্মদ আলীর আইনজীবী শাহাদাত হোসেন বলেন, আসামির যাতে জামিন করা না যায়, সে জন্য আসামিকে আদালতে এক দিন পর ১৯ ফেব্রুয়ারি বেলা দুইটায় হাজির করা হয়েছে। কিন্তু হাকিম আসামির পুরো শরীরে ক্ষত দেখে জামিন দিয়ে উন্নত চিকিৎসা দিতে বলেছেন এবং আদালতের পুলিশকে ভর্ৎসনা করেছেন। বর্তমানে মোহাম্মদ আলী চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মো. সিরাজ উদ্দিন বলেন, মোহাম্মদ আলীর অবস্থা আশঙ্কাজনক ছিল। তাঁর শরীরে এখনো জখমের দাগ আছে। উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে।
ভোলার সহকারী পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো. রফিকুল ইসলাম বলেন, পুলিশ সুপার মো. মোকতার হোসেন বিষয়টি অবগত হওয়ার পরে গত শনিবার এসআই আবদুল হাইকে থানা থেকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে।
এসআই আবদুল হাই তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমাকে যে অভিযোগে থানা থেকে সরিয়ে পুলিশ লাইনে নেওয়া হয়েছে, সে অভিযোগ সত্য নয়। আমি একদম নির্দোষ। আসামি মোহাম্মদ আলী হিংস্র প্রকৃতির এবং তিনি তাঁর মা-বোনকে মারধর করেন। আমি ধরতে গেলে আমাকে ঘুষি দিয়ে পালিয়ে যান। পালাতে গিয়ে রাতের আঁধারে গর্তে পড়ে শরীরে ক্ষত হয়েছে। আমি তাঁকে মারধর করিনি। পলাতক অবস্থায় ধরে হ্যান্ডকাপ লাগিয়ে থানায় নিয়ে গেছি। আমার সঙ্গে যাঁরা ছিলেন, তাঁরা বাদীপক্ষের লোকজন নন, পুলিশের সোর্স ছিল।’