ব্যবসায়ীকে ফাঁদে ফেলে মুক্তিপণ দাবি ডিবির?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দুই গরু ব্যবসায়ীকে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করে মুক্তিপণ দাবির অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ব্যবসায়ীদের দাবি, তাঁদের আটকের পর অপহরণকারী দলের দুজন পরস্পরকে মোশারফ ও মনির নামে ডাকেন।
ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) রুহুল আমীন জানান, ঠাকুরগাঁও ডিবি পুলিশে মোশারফ ও মনিরুজ্জামান ওরফে মনির নামে দুজন কনস্টেবল আছেন। মোশারফ প্রেষণে কম্পিউটার অপারেটর হিসেবে ডিবিতে কাজ করেন। আর মনিরুজ্জামান মাস তিনেক আগে ঠাকুরগাঁওয়ে যোগদান করেছেন।
রুহুল আমীনের দাবি, আটক ব্যক্তিরা প্রকৃত গরু ব্যবসায়ী নন। তাঁরা প্রতারক চক্রের খপ্পর থেকে বেঁচে এসে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় ডিবি পুলিশ তাঁদের আটক করে। পরে তাঁদের আদালতে পাঠিয়ে দেওয়া হয়।
ভুক্তভোগী গরু ব্যবসায়ী ফটিকছড়ির সাদেকনগর গ্রামের মাসুদ রানা অভিযোগ করে জানান, গরু ব্যবসার কারণে ১৫ অক্টোবর সকালে মাসুদ রানা ভগ্নিপতি আলমগীরকে সঙ্গে নিয়ে পীরগঞ্জ উপজেলায় পৌঁছান। সেদিন কাল্লু নামে স্থানীয় এক দালাল তাঁদের গরু দেখানোর নাম করে রানীশংকৈল উপজেলার গোগড় এলাকার বেলতলী বাজার এলাকায় নিয়ে যান। সেখানে এক বাড়িতে নিয়ে মাসুদের হাতে একটি ব্যাগ ধরিয়ে দেন কাল্লু। পরে মাসুদের কাছ থেকে তিন হাজার টাকা নিয়ে গরু দেখার কথা বলে কাল্লু এই বাড়ি থেকে বের হন। সঙ্গে তাঁরা দুজনও বের হন। তাঁরা পাকা সড়কে পৌঁছাতেই সড়কের পাশে বসে থাকা কয়েকজন লোক ডিবি পুলিশের পরিচয় দিয়ে জাল ডলার ব্যবসার অভিযোগে তাঁদের (মাসুদ ও আলমগীর) আটক করে। তাঁদের একটি ফাঁকা জায়গায় নিয়ে মুখ বেঁধে বেধড়ক মারধর করা হয়। পরে মাসুদের মুঠোফোন থেকে তাঁর বড় ভাই ফটিকছড়ির আবদুল কাদেরের কাছে তাঁদের মুক্তির বিপরীতে পাঁচ লাখ টাকা দাবি করেন ওই ব্যক্তিরা। একটি বিকাশের নম্বর দিয়ে দ্রুত মুক্তিপণের টাকা দিতে বলা হয়। টাকা না দিলে মাসুদ ও আলমগীরকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।
এদিকে মুক্তিপণ দাবি করার পর আবদুল কাদের পীরগঞ্জ উপজেলায় তাঁর এক আত্মীয়কে মুঠোফোনে ঘটনাটি খুলে বলে খোঁজখবর নিতে বলেন। সেই আত্মীয়ও মাসুদ ও আলমগীরের অপহরণের বিষয়টি স্থানীয় থানা ও রাজনৈতিক নেতাদের জানিয়ে সাহযোগিতা চান। পাশাপাশি তিনি সন্দেহজনক কয়েকটি জায়গায় লোক পাঠিয়ে নজর রাখতে শুরু করেন। বিষয়টি জানাজানি হওয়ার পর ১৬ অক্টোবর মাসুদ ও আলমগীরকে ডিবি পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। এরপর চিৎকার-চেঁচামেচি করে মানুষকে বিরক্ত করার অভিযোগে এনে তাঁদের ৩৪ ধারায় মুখ্য বিচারিক হাকিম আদালতে পাঠিয়ে দেওয়া হয়। আদালতের বিচারক সেদিন তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। ১৯ অক্টোবর মাসুদ ও আলমগীর সেখান থেকে মুক্তি পেয়ে পরের দিন চট্টগ্রামের ফটিকছড়িতে চলে যান।
মো. আলমগীর বলেন, ‘দাবি করা টাকা না পেয়ে গত বৃহস্পতিবার সকালে আমাদের হাতে হাতকড়া পরিয়ে তিনটি মোটরসাইকেলে করে স্থানীয় পুলিশ লাইনসে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি আবাসিক কক্ষে আটকে রেখে টাকার জন্য তাঁরা আবার আমাদের মারধর করেন।’
মাসুদ দাবি করেন, ডিবি কার্যালয়ে নিয়ে পুলিশ তাঁদের ভয় দেখিয়ে মারধর ও মুক্তিপণের টাকা দাবির কথা কাউকে বলতে নিষেধ করেন।
ডিবি পুলিশের কনস্টেবল মো. মনিরুজ্জামান বলেন, ‘আমি মহানগরে কাজ করেছি। এটা ছোট জেলা, পুলিশের বিরুদ্ধে অভিযোগ করাই এ জেলার মানুষের স্বভাব। অফিসে এলে ওসি স্যারের সঙ্গে কথা বলিয়ে দিব।’
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশিদুল করিম মুহা. ইশতেশাম জানান, কয়েক দিন আগে এক ব্যক্তি দুজন গরু ব্যবসায়ীকে খুঁজে পাওয়া যাচ্ছে না জানিয়ে একটি বিকাশ নম্বরের খোঁজখবর করতে বলেছিলেন।
ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) রুহুল আমীন বলেন, মাঠে যাঁরা কাজ করেন তাঁদের মধ্যে ত্রুটি-বিচ্যুতি থাকতে পারে। তবে এ ঘটনায় ডিবি পুলিশ জড়িত নয়।
ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার (এসপি) আবদুর রহীম শাহ চৌধুরী বলেন, ‘বিষয়টি আমার নজরে নেই। ভুক্তভোগীদের অভিযোগ করতে বলুন। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’