ব্যবসায়ীকে ফাঁসাতে গিয়ে ধরা খেল পুলিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দোকানের ভেতরে কাগজে মোড়ানো ইয়াবা বড়ি ফেলে আসেন পুলিশের তথ্যদাতা (সোর্স)। কিছুক্ষণ পর সাদাপোশাকে পুলিশের দুই সদস্য ওই দোকানে গিয়ে তল্লাশি করে তা উদ্ধার করেন। ইয়াবা রাখার অভিযোগে ব্যবসায়ীকে আটক করার উদ্যোগ নেন তাঁরা। তবে স্থানীয় ব্যক্তিদের দাবির পরিপ্রেক্ষিতে দোকানের সিসি ক্যামেরার ফুটেজে প্রকৃত তথ্য বেরিয়ে আসে। গতকাল বুধবার যশোরের চৌগাছা উপজেলা সদরের রাবণ কুমার পালের দোকানে এ ঘটনা ঘটে।
পুলিশের দুই সদস্য হলেন চৌগাছা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সিরাজুল ইসলাম ও কনস্টেবল সরজিৎ কুমার। এ ঘটনার পর তাঁদের থানা থেকে প্রত্যাহার করে যশোর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে শহরের প্রধান সড়ক-সংলগ্ন রাবণ কুমার পালের দোকানের ভেতরে আকাশ নামের এক তরুণ চারটি ইয়াবা বড়ি রেখে আসেন। এরপর আকাশকে সঙ্গে নিয়ে এএসআই ও কনস্টেবল ওই দোকানে গিয়ে তল্লাশি করে ইয়াবা উদ্ধার করেন। এ সময় তাঁরা দোকানের মালিক রাবণকে আটক করতে যান। রাবণ নিজেকে নির্দোষ দাবি করেন। হইচই শুনে অন্য দোকানের মালিক-কর্মচারীরা এগিয়ে আসেন। স্থানীয় ব্যবসায়ীরা দোকানের সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষার পরামর্শ দেন। তখন এএসআই ও কনস্টেবল পালানোর চেষ্টা করলে উত্তেজিত জনতা তাঁদের পিটুনি দেয়। পরে তাঁরা পালিয়ে যান।
খবর পেয়ে বাজারের ব্যবসায়ীরা রাবণের দোকানের সামনে জড়ো হন এবং পুলিশের সদস্যদের শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন। চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) মারুফ আক্তারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে আসে। বেলা সাড়ে তিনটার দিকে চৌগাছা পৌরসভার মেয়র নূরউদ্দীন আল মামুন ও চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইবাদৎ হোসেন ব্যবসায়ীদের শান্ত করেন।
মো. ইবাদৎ হোসেন অভিযোগ করেন, চৌগাছা থানার পুলিশের কয়েকজন কর্মকর্তা বাজারের ব্যবসায়ীদের মাদক দিয়ে জিম্মি করে টাকা আদায় করছেন। সিসি ক্যামেরার ফুটেজে বিষয়টি প্রমাণিত হয়েছে।
চৌগাছা থানার ওসি এম মসিউর রহমান বলেন, ঘটনার পরপরই পুলিশের ওই দুই সদস্যকে শাস্তিমূলক প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।