ব্যবসায়ীকে ফাঁসাতে গিয়ে নিজেই ধরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কবিরহাট বাজারের ব্যবসায়ী শাহীনুল আবেদীনের রড-সিমেন্টের দোকানে পরিকল্পিতভাবে ইয়াবা, অস্ত্র ও গুলি রেখে তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের তদন্তে তা জানা গেছে। শাহীনুল গ্রেপ্তার হওয়ার ২০ দিনের মাথায় চক্রান্তকারী ব্যক্তিকেও ধরতে সক্ষম হয়েছে ডিবি। তাঁর নাম উত্তম চক্রবর্তী। ১ জুলাই তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের কথা স্বীকার করলেও এ বিষয়ে এখনই মুখ খুলতে রাজি হননি মামলার তদন্তকারী ডিবির কর্মকর্তা মো. মামুনুর রশিদ। তিনি বলেন, ‘বিষয়টি তদন্তাধীন, তাই এখনই কিছু বলা যাবে না।’
গ্রেপ্তারের পর আসামির সঙ্গে আদালতে দাখিল করা ডিবি-পুলিশের প্রতিবেদন থেকে জানা গেছে, গ্রেপ্তার উত্তম চক্রবর্তী গত ১০ জুন নিজেকে সোহেল নামে পরিচয় দিয়ে ডিবি পুলিশকে জানান, আবেদীন ট্রেডার্স নামের একটি রড-সিমেন্টের দোকানে ইয়াবা বড়ি ও অস্ত্র আছে। ওই তথ্যের ভিত্তিতে ডিবি-পুলিশের একটি দল ওই দোকানে অভিযান চালায়। অভিযানে ১৯০টি ইয়াবা বড়ি, ১টি দেশীয় এলজি ও ৪টি গুলি উদ্ধার করা হয়। এ সময় ব্যবসায়ী শাহীনুল আবেদীনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শাহীনুলের বিরুদ্ধে দুটি মামলা করে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।
ডিবির প্রতিবেদনে বলা হয়, ওই অভিযানের পর উত্তম চক্রবর্তীর মুঠোফোনের সূত্র ধরে তাঁকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি পূর্বশত্রুতার জেরে শাহীনুলকে ফাঁসানোর চেষ্টা করেছেন বলে স্বীকার করেন। তাঁর সঙ্গে অজ্ঞাত আরও কয়েকজন রয়েছে।