ব্যবসায়ীকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্বশত্রুতার জের ধরে যশোর শহরের এক ব্যবসায়ীকে পুলিশ মাদকের মামলায় ফাঁসিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর পরিবার পুলিশ সুপারকে (এসপি) বরখাস্ত করে বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে। যশোর প্রেসক্লাবে গতকাল সোমবার সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়।
ওই ব্যবসায়ীর নাম সবুজ মল্লিক (৩৫)। তাঁর যশোর শহরের গাড়িখানা সড়কে নাজমা ট্রেড কোং নামের ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। সবুজের বাবা বিনয় কৃষ্ণ মল্লিক রাইটস যশোরের নির্বাহী পরিচালক।
গতকাল দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান বিনয় কৃষ্ণ মল্লিক। এতে তিনি অভিযোগ করে বলেন, সবুজ মল্লিক ৯ মার্চ সন্ধ্যায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বের হওয়ামাত্র সাদাপোশাকের কয়েকজন তাঁর মাথা ও মুখে গামছা পেঁচিয়ে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এ সময় সবুজের পকেটে থাকা দুই লাখ টাকা ছিনিয়ে নেয় তারা। পরে অপহরণকারীরা সবুজকে ৫০ বোতল ফেনসিডিলসহ খুলনার ফুলতলা থানার টহল পুলিশের হাতে তুলে দেয়। ফুলতলা থানা-পুলিশ তাঁর বিরুদ্ধে মামলা করে। সবুজ বর্তমানে খুলনা কারাগারে রয়েছেন।
বিনয় কৃষ্ণ মল্লিক বলেন, সবুজ মল্লিকের ব্যবহৃত মুঠোফোন নম্বরটি ট্র্যাক করে দেখা গেছে, ৯ মার্চ রাত ৮টা ১৫ মিনিট ৩৮ সেকেন্ড পর্যন্ত তিনি যশোর শহরের গাড়িখানা সড়কের হোটেল ম্যাগপাই টাওয়ারের আওতায় ছিলেন। এরপর তাঁর মুঠোফোন নম্বরটি বন্ধ হয়ে যায়। খুলনার ফুলতলা থানা-পুলিশ মামলায় ফেনসিডিলসহ সবুজ মল্লিককে রাত ১২টা ৪৫ মিনিটে আটকের কথা উল্লেখ করেছে।
মানবাধিকার কর্মী বিনয় মল্লিকের দাবি, যশোরের এসপির সঙ্গে তাঁর পূর্বশত্রুতার কারণেই ছেলেকে এভাবে ফাঁসানো হয়েছে। তিনি আরও বলেন, যশোর শহরের গাড়িখানা এলাকায় দুই একরের বেশি সরকারি জমি রয়েছে। বহু আগে তা বন্দোবস্ত নিয়ে সবুজ মল্লিকসহ ১৫টির মতো ব্যবসাপ্রতিষ্ঠান করা হয়; ছিল অনেকগুলো পরিবার। সাত-আট মাস আগে ওই জমি পুলিশ দখল করে নিয়ে পুলিশ ক্লাব করেছে। একজন মানবাধিকার কর্মী হিসেবে তিনি (বিনয় মল্লিক) এসপির অবৈধ দখলের বিরুদ্ধে সোচ্চার হন। এ কারণেই এসপি তাঁর ওপর ক্ষিপ্ত। তিনি একাধিক মামলা দিয়ে, পাচারকারী হিসেবে থানায় ছবি ঝুলিয়ে তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের হয়রানি করছেন।
সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে সবুজ মল্লিকের মুক্তি ও তাঁর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। পাশাপাশি এসপিকে বরখাস্ত করে তাঁর বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানো হয়েছে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে এসপির দাপ্তরিক মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি তা ধরেননি। তবে অতিরিক্ত পুলিশ সুপার শহীদ মো. আবু সারোয়ার প্রথম আলোকে বলেন, সবুজ মল্লিকের বিরুদ্ধে মাদকের মামলা হয়েছে। এটি আদালতে বিচারাধীন বিষয়। ফলে এ বিষয়ে পুলিশ কোনো মন্তব্য করবে না।
বাড়িতে ফেরার পর আটক
দুপুরে সংবাদ সম্মেলন করে বাড়িতে ফেরেন মানবাধিকারকর্মী বিনয় কৃষ্ণ মল্লিক। সন্ধ্যায় তাঁকে শহরের ঘোপ এলাকার বাড়ি থেকে আটক করে সাদাপোশাকের পুলিশ।
বিনয় কৃষ্ণ মল্লিকের মেয়ে দিতি মল্লিক প্রথম আলোকে বলেন, ‘সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সাদাপোশাকে ১০/১২ জন বাড়িতে গিয়ে পুলিশের লোক পরিচয় দেন। তাঁদের কয়েকজনের হাতে বন্দুক ছিল। তাঁরা টেনেহিঁচড়ে বাবাকে ধরে নিয়ে যান।’
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, নরসিংদী থানায় প্রতারণার একটি মামলায় বিনয় কৃষ্ণ মল্লিককে আটক করা হয়েছে।