ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নিরিবিলি রেস্টুরেন্টের স্বত্বাধিকারী আল-আমিন আহমেদকে (৩০) মারধর করে তাঁর কাছ থেকে ২ লাখ ৭০ হাজার টাকা ও মুঠোফোন ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার শহরের মধ্যপাড়া বর্ডার বাজারসংলগ্ন খনকার বাড়ির মোড়ে এ ঘটনা ঘটে।
আল-আমিন শহরের পৈরতলা এলাকার বাসিন্দা। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বেলা দুইটার দিকে শহরের পৌর আধুনিক সুপার মার্কেটের সামনে আল-আমিন আরেক ব্যবসায়ীর কাছ থেকে পাওনা বাবদ ২ লাখ ৭০ হাজার টাকা বুঝে নেন। সেখান থেকে মোটরসাইকেলে তিনি মধ্যপাড়ার ভেতর দিয়ে পৈরতলার দিকে যাচ্ছিলেন। সে সময় মধ্যপাড়া বর্ডার বাজার এলাকার খনকার বাড়ির মোড়ে সাত-আটজন যুবক তাঁর গতিরোধ করে। তারা তাঁর টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে এক যুবক ব্যাগটি ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে অন্য যুবকেরা তাঁকে মারধর করে তাঁর মুঠোফোনটি ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় ব্যক্তিরা ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।