ব্যবসায়ীকে মারধর করে মোটরসাইকেল ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়ার বানিয়ারছড়া-পহরচাঁদা সড়কের হারবাংছড়া সেতু এলাকায় এক ব্যবসায়ীকে মারধর করে মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। তাঁর কাছ থেকে টাকা ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়েছে। পরে স্থানীয় লোকজন আহত ব্যবসায়ীকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গত বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ী সঞ্জয় কুমার শীল (৪০) বাংলাদেশ হিন্দু মহাজোট চকরিয়া উপজেলা শাখার সদস্যসচিব ও চকরিয়া পৌরসভার হিন্দুপাড়ার বাসিন্দা।
সঞ্জয় কুমার শীল বলেন, ‘বরইতলীর পহরচাঁদা বাজারে আমার একটি ওষুধের দোকান আছে। দোকান বন্ধের পর রাত ১০টার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে হারবাংছড়া সেতু এলাকায় পাঁচ-ছয়জন দুর্বৃত্ত আমার গতিরোধ করে। তারা রড ও বন্দুকের বাঁট দিয়ে মারধর করে আমাকে। একপর্যায়ে আমি অজ্ঞান হয়ে পড়ি। এ সময় দুর্বৃত্তরা মোটরসাইকেল, তিনটি মুঠোফোন, স্বর্ণের চেইন ও ৯ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।’
বরইতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জালাল আহমদ সিকদার বলেন, পহরচাঁদা বাজারের একজন ব্যবসায়ী আক্রান্ত হওয়ার খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে ঘটনাস্থলে পাঠান তিনি। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
হারবাংছড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলমগীর দাবি করেন, পূর্বশত্রুতার জের ধরে মোটরসাইকেল ছিনতাই ও সঞ্জয়কে মারধর করা হয়। তিনি বলেন, মোটরসাইকেল ও অন্য মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চলছে।