ব্যবসায়ীকে রাতভর থানায় আটকে রাখার অভিযোগ
কোনো মামলা বা অভিযোগ ছাড়াই রাজশাহী নগরের কাদিরগঞ্জ এলাকার ব্যবসায়ী রাকিবুল ইসলামকে (৪৬) রাতভর থানায় আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে বোয়ালিয়া মডেল থানায় এ ঘটনা ঘটে। শুক্রবার বিকেলে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
রাকিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বৃহস্পতিবার রাত দেড়টার দিকে বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বাড়ির দরজা খুলতে বলেন। তিনি আমাকে থানায় যাওয়ার কথা বলেন। কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন, থানায় গেলেই জানতে পারবেন। এরপর সারা রাত আমাকে আটকে রাখা হয়।’ তিনি জানান, স্ত্রী নাজনীন রেহানা চৌধুরীকে তাঁর ছোট বোন পৈতৃক সম্পত্তির অংশ লিখে দিয়েছিলেন। এখন তিনি সেই সম্পত্তি ফেরত চান। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলছে। থানায় আসার পর তিনি বুঝতে পারেন ওই বিরোধের জের হিসেবে তাঁকে থানায় আনা হয়েছে। শুক্রবার সকালে তাঁর স্ত্রীর ছোট দুই বোন থানায় আসেন। পরে তাঁর স্ত্রীও থানায় আসেন। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান দুপুর ১২টার দিকে হুমকি দিয়েছিলেন, জমি লিখে না দিলে তিনি থানা থেকে ছাড়া পাবেন না।
এ প্রসঙ্গে শাহাদাত হোসেন বলেন, ‘জমি-সংক্রান্ত বিরোধের কারণে রাকিবুল ইসলামকে ধরে নিয়ে আসা হয়েছে।’ জমি-সংক্রান্ত বিরোধ নিয়ে পুলিশের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ‘পুলিশ সালিসও করতে পারে। এ বিষয়ে এসআই নজরুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। ইচ্ছে হলে নিউজ করতে পারেন।’
শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে রাকিবুল ইসলামকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়। এ সময় রাকিবুলের বাবা হাবিবুর রহমানের কাছ থেকে একটি সাদা কাগজে স্বাক্ষর নেয় পুলিশ।
জানতে চাইলে এসআই নজরুল ইসলাম বলেন, ‘তাঁদের কাছ থেকে এই মর্মে মুচলেকা নেওয়া হয়েছে যে, তাঁরা নিজেরাই জমি-সংক্রান্ত বিরোধের মীমাংসা করবেন। রাকিবের স্ত্রীর কাছে তাঁর বোন টাকা পাবেন। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ এসেছিল। সে জন্য তাঁকে (রাকিবুল) ধরে আনা হয়েছিল।’ রাতে কেন আনা হয়েছিল, জানতে চাইলে তিনি বলেন, ‘দিনের বেলায় কাউকে পাওয়া যায় না, তাই রাতে গিয়েছিলাম।’