দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীকে হত্যার হুমকি দিয়ে উড়োচিঠি পাঠিয়েছে দুর্বৃত্তরা। ওই চিঠির খামের ভেতরে একটি গুলিও পাঠানো হয়েছে। পরে দুর্বৃত্তরা মুঠোফোনে ওই ব্যবসায়ীর কাছে তিন লাখ টাকা চাঁদাও দাবি করেছে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় বীরগঞ্জ পৌর শহরের আড়তদার নবীন চন্দ্র সাহা গত মঙ্গলবার রাতে থানায় একটি জিডি করেছেন।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শওকত হোসেন জানান, হুমকির শিকার নবীন চন্দ্র সাহা পরিবহন এবং খাদ্যের ব্যবসা করেন। তাঁকে হুমকি দিয়ে পাঠানো চিঠিটি ঢাকাইয়া ভাষায় লেখা। চিঠির শেষে সর্বহারা লিখে অবলিগ চিহ্ন দিয়ে শিবির লেখা রয়েছে। কে বা কারা চিঠিটি লিখেছে এবং চাঁদা দাবি করেছে, তা উদ্ঘাটনে অনুসন্ধান চলছে।
নবীন চন্দ্র সাহা গতকাল বুধবার বলেন, রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ০১৯৬০৭৪৭০২১ নম্বর থেকে তাঁর মুঠোফোনে একটি কল আসে। অপর প্রান্ত থেকে বলা হয়, ‘তোমার বাড়ির গেটের ছাদে একটা চিঠি রাখা আছে। চিঠিটা দেখবে।’ এ সময় পরিচয় জানতে চাইলে অপর প্রান্ত থেকে বলা হয়, ‘আমার পরিচয় জানার দরকার নাই। চিঠি পড়লেই বুঝতে পারবি।’
ব্যবসায়ী নবীন জানান, মুঠোফোন রেখে ১০ মিনিটের মধ্যে তিনি উপজেলা শহরের বাড়ি যান। বাড়ির গেটের ছাদে একটি খামের ভেতরে ছোট্ট একটি চিঠি ও একটি রিভলবারের গুলি পান। রাত সাড়ে নয়টার দিকে আবার ওই নম্বর থেকে তাঁর মুঠোফোনে কল আসে। চিঠি ও বুলেট পাওয়ার কথা জানতে চেয়ে বলা হয়, ‘দুই ছেলেসহ নিজে বাঁচতে চাইলে তিন লাখ টাকা জোগাড় করে রাখ। আমাদের কথামতো পৌঁছে দিবে, অন্যথায় মৃত্যু নিশ্চিত জেনে রাখ। কোনো প্রকার চালাকি করার চেষ্টা করিও না।’