ব্যবসায়ীকে হাতকড়া পরিয়ে টাকা আদায় করল পুলিশ!
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় মো. আহসান হাবীব নামের এক ব্যবসায়ীসহ চারজনকে হাতকড়া পরিয়ে ও মিথ্যা মামলার হুমকি দিয়ে পুলিশের বিরুদ্ধে ৫৩ হাজার টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার ব্যবসায়ী আহসান জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে পুলিশ সুপার (এসপি) মো. হামিদুল আলম গতকাল রোববার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, পুলিশের বিরুদ্ধে ব্যবসায়ী আহসানের লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আহসান চিরিরবন্দরের বেলতলী বাজারে ধানের কুঁড়া ও রাইস ব্রানের ব্যবসা করেন। আহসানের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ঠাকুরগাঁওয়ের রুহিয়া থেকে ব্রানের ট্রাক আসার অপেক্ষায় ২২ অক্টোবর রাতে আহসান ছাড়াও শ্রমিক রশিদুল ইসলাম, জাহিবুর রহমান ও আছিমুল দোকানের ভেতরে ছিলেন। ওই দিন রাত একটার দিকে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহিদ হোসেন, আনোয়ারুল ইসলাম, কনস্টেবল মাহমুদসহ পুলিশের পাঁচ সদস্য সাদাপোশাকে বেলতলী বাজারে যান। এ সময় তাঁরা আহসানের দোকানের দরজা ভেঙে ভেতরে ঢোকেন। তাঁরা ঢুকেই তাঁদের মুঠোফোনগুলো কেড়ে নেন। শরীর তল্লাশি করে ৩৭ হাজার টাকাও নিয়ে নেন। তাঁরা তাঁদের চারজনের হাতে হাতকড়া পরিয়ে জুয়া খেলাসহ বিভিন্ন মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে থানায় নিয়ে যেতে চান। এ সময় তাঁরা (আহসানসহ চারজন) তাঁদের ছেড়ে দিতে অনুরোধ করেন। এ সময় এএসআই জাহিদ তাঁদের কাছে নগদ দুই লাখ টাকা দাবি করেন। একপর্যায়ে বেলতলী বাজারের পাহারাদার সিরাজুল ইসলামের (পুলিশের সোর্স হিসেবে পরিচিত) মধ্যস্থতায় ৫০ হাজার টাকার বিনিময়ে পুলিশের সদস্যরা তাঁদের ছেড়ে দিতে সম্মত হন।
ওই লিখিত অভিযোগে আরও বলা হয়, পুলিশ কর্মকর্তার কথামতো সিরাজুলের কাছ থেকে আহসান নগদ ১৬ হাজার টাকা ধার করেন। এ সময় তিনি তাঁদের শরীর তল্লাশি করে কেড়ে নেওয়া ৩৭ হাজার টাকা ছাড়াও এই ১৬ হাজার টাকা ওই কর্মকর্তার হাতে তুলে দেন। এরপর পুলিশের সদস্যরা তাঁকে ও তাঁর শ্রমিকদের দোকান থেকে নিয়ে গিয়ে বাজারের পশ্চিমে একটি কলাবাগানে হাতকড়া খুলে ছেড়ে দেন। সেই সঙ্গে এ ঘটনা কাউকে না জানাতে হুঁশিয়ার করে দেন তাঁরা। কিন্তু পরদিন বেলতলী বাজারে ঘটনাটি জানাজানি হয়ে যায়।
ব্যবসায়ী আহসান বলেন, বিষয়টি তিনি প্রথমে তাঁর ঘনিষ্ঠজনদের জানান। এরপর তাঁদের পরামর্শে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমানকে বিষয়টি জানিয়ে এর প্রতিকার চান। কিন্তু আনিছুর তাঁকে পাত্তা দেননি। বাধ্য হয়ে তিনি এ ঘটনায় গত বৃহস্পতিবার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ফটোকপি সাংবাদিকদের সরবরাহ করা হয়েছে।
জানতে চাইলে এএসআই জাহিদ বলেন, ‘দোকানমালিকসহ অন্যরা প্রতি রাতে ওই ঘরে জুয়া খেলতেন। তাঁদের আটক করেছিলাম সত্য, পরে ছেড়ে দেওয়া হয়েছে।’ টাকার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ৫০ হাজার টাকা নয়, সব মিলিয়ে ৩৪-৩৫ হাজার টাকা হতে পারে। তবে এগুলো জুয়ার টাকা। তাঁরা টাকা চাইলে ফেরত দেওয়া হবে।
আনিছুর গত শনিবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে জাহিদ ও আনোয়ারুলের কাছে জানতে চাইলে তাঁরা বলেন, ব্যবসায়ী আহসানের বিরুদ্ধে বহিরাগত ব্যক্তিদের নিয়ে তাঁর প্রতিষ্ঠানে জুয়া খেলার অভিযোগ পেয়ে পুলিশ সেখানে তল্লাশি চালায়। এরপরও তিনি (ওসি) ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান। অভিযোগ প্রমাণিত হলে জড়িত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জানতে চাইলে জেলা প্রশাসক মীর খায়রুল আলম গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ওই ব্যবসায়ীর লিখিত অভিযোগ জেলা প্রশাসকের ই-সেবা কেন্দ্রের মাধ্যমে জমা হয়েছে। অভিযোগ হাতে পৌঁছালে তিনি ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ সুপারকে বলবেন।