ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ, এএসআই ক্লোজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবু কালাম আজাদের বিরুদ্ধে মধ্যরাতে বাড়িতে ঢুকে মারপিট, টাকা লুট ও বেআইনিভাবে আটকের অভিযোগ করেছেন এক ব্যবসায়ী। এ ঘটনায় এএসআই আবু কালাম আজাদকে সদর থানা থেকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।

ভুক্তভোগীর পরিবারের ভাষ্য, গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে এএসআই আবু কালাম আজাদসহ তিন পুলিশ স্থানীয় এক ইউপি সদস্যকে সঙ্গে নিয়ে সদর উপজেলার ছাতনী শিবপুর গ্রামের মরিচ ব্যবসায়ী আইয়ুব আলীর বাড়িতে ঢোকেন। বাড়িতে মাদক আছে—এমন অভিযোগ তুলে বাড়িঘর তছনছ করা হয়। বাড়ির লোকজনকে মারপিট করে আইয়ুব আলীর ছেলে শফিকুল ইসলামকে আটক করে নিয়ে যায় পুলিশ।

আইয়ুব আলীর স্ত্রী মাহফুজা বেগমের ভাষ্য, তাঁদের ঘরে গরু বিক্রির সাত লাখ টাকা ছিল। পুলিশ জোর করে ওই টাকা নিয়ে যায়। যাওয়ার সময় তারা বাড়ির বাইরে থেকে ফটকে ছিটকিনি দিয়ে যায়। মুঠোফোনে খবর দিলে প্রতিবেশীরা একত্র হয়ে পুলিশকে অবরুদ্ধ করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যায়। তারা অবরুদ্ধ পুলিশ ও ছাতনী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য এমরান আলীকে উদ্ধার করে সদর থানায় নিয়ে যায়। এমরান ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক।

পুলিশি হয়রানির প্রতিবাদে গ্রামের শত শত লোক আজ রোববার সকালে সদর থানায় এসে বিচার দাবি করেন। পরে এএসআই আবু কালাম আজাদকে সদর থানা থেকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়।

আবু কালাম আজাদ অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ইউপি সদস্য এমরান আলীর দেওয়া মাদকসংক্রান্ত তথ্য যাচাই করার জন্য আইয়ুব আলীর বাড়িতে গিয়েছিলেন। তবে কাউকে হয়রানি করেননি। টাকাপয়সাও লুট করেননি।

নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত বলেন, এএসআই দায়িত্বরত অবস্থায় মাদক জব্দ করার জন্য ওই ব্যবসায়ীর বাড়িতে গিয়েছিলেন। তবে তথ্যদাতার সঙ্গে বাড়ির মালিকের পূর্ববিরোধ থাকায় পুলিশকে ভুল বোঝানো হয়েছিল। তবুও এএসআই আবু কালাম আজাদকে ক্লোজ করা হয়েছে।