ব্যবসায়ীকে 'ধাক্কা', প্রতিবাদে অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের নতুন চাক্তাই এলাকায় সড়ক অবরোধ করেছেন ব্যবসায়ীরা। গতকাল মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

ব্যবসায়ীরা বলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মনসুর গতকাল নতুন চাক্তাই এলাকার চালপট্টিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জসিম অ্যান্ড ব্রাদার্স নামের একটি আড়তে অভিযান চালানোর সময় সেখানে ব্যবসায়ী নেতারা উপস্থিত হন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে থাকা র‍্যাব সদস্যরা লোকজনকে সরিয়ে দিতে ব্যস্ত হয়ে পড়েন। একপর্যায়ে র‍্যাবের এক সদস্য চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজমকে ধাক্কা দেন। এরপর স্থানীয় ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা স্লোগান দিয়ে আশরাফ আলী সড়কের নতুন চাক্তাই এলাকায় অবরোধ করেন। এতে ওই সড়ক দিয়ে প্রায় ২০ মিনিট যান চলাচল বন্ধ ছিল। তবে পাশে একটি বিকল্প সড়ক খোলা থাকায় মানুষের তেমন কোনো সমস্যা হয়নি।

ওমর আজম প্রথম আলোকে বলেন, ‘দোকানে যখন অভিযান চলছে, তখন আমি ওখানে যাই। সেখানে আমি ম্যাজিস্ট্রেটকে এই অভিযানের জন্য ধন্যবাদও জানাই। ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলার সময় একপর্যায়ে এক র‍্যাব সদস্য আমাকে ধাক্কা দেন। এর প্রতিবাদে ব্যবসায়ীরা কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেন। পরে বিষয়টি মীমাংসা হয়।’

জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মনসুর বলেন, ‘উনাকে না চিনে র‍্যাবের এক সদস্য ধাক্কা দেন। এর প্রতিবাদে ব্যবসায়ীরা কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেন। পরে র‍্যাব ও ব্যবসায়ী নেতাদের বুঝিয়ে আমি বিষয়টি সেখানে মীমাংসা করি।’

এদিকে অভিযান চলাকালে চটের বস্তা ব্যবহার না করার কারণে পাঁচটি চালের আড়তকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে হাজি রাইস এজেন্সি, সানোয়ারা রাইস এজেন্সি, সামিরা এন্টারপ্রাইজ ও মাজেদা ট্রেডিংকে ৫ হাজার টাকা করে এবং জসিম অ্যান্ড ব্রাদার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মনসুর বলেন, ‘চটের বস্তা ব্যবহার না করার কারণে সতর্কতামূলকভাবে পাঁচটি দোকানকে জরিমানা করেছি।’

ওমর আজম বলেন, ‘চট্টগ্রামে চাল আসে নওগাঁ, দিনাজপুরসহ বিভিন্ন এলাকা থেকে। সেখান থেকে চটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল পাঠানো হয়। আমরা প্রশাসনকে বারবার বলেছি, উৎপাদন এলাকায় যাতে চটের বস্তা ব্যবহারের বিষয়টি নিশ্চিত করা হয়।’