ব্যবসায়ীদের কাছে চাঁদা চেয়ে দুর্বৃত্তদের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে ব্যবসায়ীদের কাছে চাঁদা চেয়ে দুর্বৃত্তরা মুঠোফোনে হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় ব্যবসায়ীরা থানায় লিখিত অভিযোগ করলেও দুর্বৃত্তরা তাদের হুমকি অব্যাহত রেখেছে। ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন বাজারের ব্যবসায়ীরা।
ধুনট বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ও পৌরসভার মেয়র এ জি এম বাদশা বলেন, বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা চেয়ে মুঠোফোনে হুমকির বিষয়ে থানা-পুলিশের কাছে সহযোগিতার জন্য লিখিতভাবে অভিযোগ করা হয়েছে। তারা বিষয়টি তদন্ত করে অপরাধীকে শনাক্ত করতে চেষ্টা করছেন। এরপরও দুর্বৃত্তদের অব্যাহত হুমকিতে ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, ব্যবসায়ীদের অভিযোগগুলো সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে রেকর্ড করে তদন্ত করা হচ্ছে। হুমকি দেওয়া মুঠোফোনের কললিস্টের সূত্র ধরে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা চলছে। তাঁদের আতঙ্কিত হওয়ার কারণ নেই।
ব্যবসায়ীদের অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় ধুনট বাজারের মুনছুর স্টোরের মালিক শোভা রহমান তাঁর দোকান বন্ধ করে বাড়ির দিকে যাওয়ার সময় একটি মুঠোফোন থেকে তিন হাজার টাকা চাঁদা দাবি করে দুর্বৃত্তরা। চাঁদার টাকা না দেওয়া হলে তাঁর দোকানে চুরি বা পুড়িয়ে দেওয়া হবে বলে দুর্বৃত্তরা হুমকি দেয়। এর আগে ৯ জুন দুপুরে ধুনট বাজার চৌরাস্তা মোড়ের গোসাইবাড়ি রোডে সাহা ভ্যারাইটি স্টোরের মালিক সুধাংশু সাহাকে দুপুরের দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি মুঠোফোনে হুমকি দিয়ে ও খুদে বার্তায় তিন হাজার টাকা চাঁদা দাবি করে। ওই টাকা পরিশোধ না করলে তাঁর ব্যবসা ও পরিবারের ক্ষতি করা করবে। এ ছাড়া ৬ জুন দুপুরে ধুনট বাজারের ব্যবসায়ী নিতাই চন্দ্রকে একইভাবে দুর্বৃত্তরা মুঠোফোনে একটি বার্তা দেয়। এতে এক ঘণ্টার মধ্যে তাদের বিকাশ নম্বরে তিন হাজার টাকা দিতে বলা হয়। নির্ধারিত সময়ের মধ্যে টাকা দিতে ব্যর্থ হলে নিতাই চন্দ্রের ব্যবসাপ্রতিষ্ঠান আগুনে পুড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। এর আগে ৩ জুন ধুনট বাজারের প্রসাধনসামগ্রীর ব্যবসায়ী সুকুমার সরকার, সঞ্জয় কুমার সাহাসহ কয়েকজনকে একইভাবে হুমকি দেওয়া হয়। এসব ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা থানায় লিখিত অভিযোগ করেন। এরপরও দুর্বৃত্তরা হুমকি দেওয়া অব্যাহত রেখেছে।