ব্যবসায়ীদের জমাট বাঁধা সার সরবরাহের অভিযোগ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) বাফার গুদাম থেকে সার ব্যবসায়ীদের জমাট বাঁধা ইউরিয়া নিতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ডিলারদের দাবি—সার জমাট বেঁধে বড় বড় শক্ত দানায় পরিণত হয়েছে। সেগুলো লাঠি দিয়ে পিটিয়েও ভাঙতে পারছেন না তাঁরা। কৃষকেরাও এই সার নিচ্ছেন না। ফলে তাঁদের গুদামে শত শত বস্তা জমাট বাঁধা সার পড়ে আছে।
বাফার গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন বলেন, ‘ডিলাররা যে অভিযোগ করছেন সেটা ঠিক না। সার গুদামে থাকার কারণে জমাট বাঁধতে পারে। কিন্তু সেগুলো একটু হালকা আঘাতেই গুঁড়া হয়ে যাচ্ছে। তখন সারগুলো বিক্রি করতে কোনো সমস্যা হচ্ছে না।’
জালাল উদ্দিনের দাবি, ডিলাররা পুরোনো সার না নেওয়ার জন্যই এই অভিযোগ করছেন।
বাফার গুদাম সূত্রে জানা যায়, কালীগঞ্জ উপজেলায় বিসিআইসির দুটি বাফার গুদামে ১২ হাজার মেট্রিক টন সার মজুত রাখা হয়। আপৎকালীন সময়ে ওই সার সরবরাহ করা হয়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন বলেন, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার ইউরিয়া সার এখান থেকেই সরবরাহ করা হয়। বর্তমানে দুটি গুদামে ১৩ হাজার মেট্রিক টন সার মজুত আছে।
বিসিআইসির ডিলার কালীগঞ্জ শহরের সার ব্যবসায়ী আনোয়ারুল ইসলাম বলেন, ৪টি জেলায় ডিলার আছেন ২১৬ জন। ধানচাষের মৌসুমে প্রতিদিন দুই গুদাম থেকে আনুমানিক ১০০ ট্রাক সার ছাড় করা হয়। আর অন্য সময়ে ছাড় করা হয় ৫০ ট্রাকের মতো। প্রতিটি ট্রাকে ১৮ মেট্রিক টন করে সার দেওয়া হয়। তিনি অভিযোগ করে বলেন, বাফার গুদামে দুই বছর আগের সারও মজুত আছে। কর্তৃপক্ষ আগে বিতরণ না করায় ওই সার জমাট বেঁধে বড় বড় দানায় পরিণত হয়েছে। বর্তমানে ডিলাররা সার উত্তোলন করতে গেলে গুদাম কর্তৃপক্ষ ট্রাকপ্রতি ১০ মেট্রিক টন নতুন সার আর ৮ মেট্রিক টন পুরোনো জমাট বাঁধা সার ধরিয়ে দিচ্ছে। ডিলাররা এই সার না নিতে চাইলেও জোর করে গছিয়ে দেওয়া হচ্ছে।
আরেক সার ব্যবসায়ী সাগর হোসেন বলেন, কৃষকদের কাছে জমাট বেঁধে যাওয়া ওই সার বিক্রি করতে না পারায় তাঁদের গুদামে লাখ লাখ টাকার সার পড়ে আছে।
এ ব্যাপারে জেলা বিসিআইসি অনুমোদিত সার ডিলার সমিতির সভাপতি আলহাজ জাহাঙ্গীর আলম অভিযোগ করে প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রতিবাদ করলেও গুদাম কর্তৃপক্ষ আমাদের কথা শুনছেন না।’