ব্যবসায়ীদের বাধায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভন্ডুল
বগুড়া শহরের গুদামে পাইকারি নকল ওষুধের সন্ধান চালাতে গিয়ে ব্যবসায়ীদের প্রতিরোধের মুখে ভন্ডুল হয়েছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। এ সময় পুলিশের বিরুদ্ধে মারপিটের অভিযোগ এনে ভ্রাম্যমাণ আদালতকে অবরুদ্ধ করে বিক্ষোভ করেন ওষুধ ব্যবসায়ীরা।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসানসহ অন্যরা পুলিশের সহায়তায় ঘটনাস্থল ত্যাগ করেন। শহরের খান মার্কেটের ভেতরে গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
এদিকে অভিযানের নামে ব্যবসায়ীদের মারধরের প্রতিবাদে দোকান বন্ধ রেখে ধর্মঘট ও বিক্ষোভ করেন কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সদস্যরা। ধর্মঘটে শহরের দুই শতাধিক ওষুধের দোকান বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বন্ধ থাকে।
বগুড়ার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী অধিনায়ক শিরিন আকতার জাহানের ভাষ্যমতে, তাঁদের কাছে গোয়েন্দা তথ্য ছিল—খান মার্কেটে দীর্ঘদিন ধরে নকল ওষুধের কারবার চলছে। ২২ জুন ওই মার্কেটে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। তখন ব্যবসায়ীদের প্রতিরোধের মুখে পড়তে হয়। এই প্রতিরোধ উপেক্ষা করে তখন আদালত নকল ইনসুলিন বিক্রির দায়ে দুজন ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেন। বগুড়ার ওষুধ তত্ত্বাবধায়ক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসানকে সঙ্গে নিয়ে গতকাল সোমবার দুপুরে দ্বিতীয় দফা অভিযানে নামা হয়। কিন্তু তল্লাশির আগেই মার্কেটের ব্যবসায়ীরা সব দোকান বন্ধ করে হইচই শুরু করেন। একপর্যায়ে দোতলার একটি দোকান থেকে নকল ওষুধ ব্যাগে ভরে লুকানোর জন্য নিচে নামছিলেন রাজু ফার্মেসির মালিক। এ সময় এপিবিএন পুলিশের একজন সদস্য নকল ওষুধ আটকের চেষ্টা করলে মালিক রাজু আহমেদ পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। একটু পরেই ওই ব্যবসায়ীকে মারধর করা হয়েছে—এমন অভিযোগ তুলে ওষুধ ব্যবসায়ীরা ভ্রাম্যমাণ আদালতের ওপর চড়াও হন ও তাঁদের অবরুদ্ধ করে রাখেন।
শিরিন আকতার বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভন্ডুল করতেই ওষুধ ব্যবসায়ীরা এপিবিএন পুলিশের বিরুদ্ধে মারপিটের অভিযোগ আনছেন। ভ্রাম্যমাণ আদালতকে অবরুদ্ধ করার পাশাপাশি ব্যবসায়ীরা তাঁকে লাঞ্ছিত করেছেন বলেও তিনি অভিযোগ করেন।
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ বলেন, ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে আসা পুলিশের সদস্যদের মারধরে তিনজন ওষুধ ব্যবসায়ী আহত হওয়ার পর মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের মুখে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থল ত্যাগ করেন। ভ্রাম্যমাণ আদালতকে অবরুদ্ধ বা এপিবিএনের অধিনায়ককে লাঞ্ছিত করা হয়নি।
তিনি আরও বলেন, এপিবিএন পুলিশের মারধরে রাজু আহমেদ, খায়রুল আলম ও রাকিব হাসান নামে তিন ব্যবসায়ী আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগুড়ার ঔষধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক (ড্রাগ সুপারভাইজার) ইকবাল হোসেন বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযান ভন্ডুল করতেই ব্যবসায়ীরা মিথ্যা অভিযোগ তুলে ভ্রাম্যমাণ আদালতকে বাধা দেন। বাধার মুখে অভিযান পরিচালনা না করেই সেখান থেকে ফিরে আসতে হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক হাবিবুল হাসান বলেন, ‘অসাধু ব্যবসায়ীরা অভিযান ব্যাহত করতে মারধরের গুজব ছড়িয়ে দেন। তখন গোটা মার্কেটে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘাত এড়াতেই অভিযান পরিচালনা না করে সেখান থেকে ফিরে আসা হয়েছে। শিগগিরই সার্বিক প্রস্তুতি নিয়ে সেখানে নকল ওষুধবিরোধী অভিযান পরিচালনা করা হবে।’