ব্যবসায়ীর ইলিশ কেড়ে নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মান্দায় ভ্রাম্যমাণ আদালতের ভয় দেখিয়ে ১০০টি ইলিশ মাছ কেড়ে নিয়ে উপজেলা মৎস্য কার্যালয়ের দুই কর্মচারী ভাগ-বাঁটোয়ারা করে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার বেলা তিনটার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলার আজমেরি উপজেলার কামালপুর গ্রামের দুই খুদে মাছ ব্যবসায়ী রিপন মিয়া ও আরসাদ আলী গতকাল বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে ফেরি করে ইলিশ বিক্রি করছিলেন। তাঁরা উপজেলা মৎস্য কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় ওই কার্যালয়ের ক্ষেত্র সহকারী মাহবুবুর রহমান ও অফিস সহায়ক পলাশ কুমার তাঁদের থামান। ওই দুই মাছ বিক্রেতাকে মৎস্য কার্যালয়ের বারান্দায় নিয়ে জাটকা বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের ভয় দেখিয়ে ইলিশগুলো কেড়ে নেন মাহবুবুর ও পলাশ।

প্রত্যক্ষদর্শী আবুল কাসেম, মোজাম্মেল হকসহ আরও অনেকে বলেন, আইনের তোয়াক্কা না করেই মৎস্য কার্যালয়ের লোকজন জোর করে ওই দুই ব্যবসায়ীর কাছ থেকে মাছগুলো কেড়ে নেন। পরে তাঁদের সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়।

ব্যবসায়ী রিপন মিয়ার অভিযোগ, রাজশাহী মোকাম থেকে ইলিশগুলো কিনে মান্দা উপজেলা পরিষদ চত্বর এলাকায় ফেরি করে বিক্রি করছিলেন তাঁরা। এ সময় মৎস্য কার্যালয়ের লোকজন তাঁদের আটকিয়ে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের ভয় দেখিয়ে ১০০টি ইলিশ কেড়ে নেন। মাছগুলোর মূল্য প্রায় ১৫ হাজার টাকা বলে দাবি করেন তিনি।

অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে উপজেলা মৎস্য কার্যালয়ের ক্ষেত্র সহকারী মাহবুবুর রহমান বলেন, ‘ওই দুই মাছ ব্যবসায়ী জাটকা ইলিশ বিক্রি করছিল। আমরা তাদেরকে ভবিষ্যতে আর কোনো দিন যাতে জাটকা বিক্রি না করে, সে বিষয়ে সাবধান করেছি মাত্র। কিন্তু তাদের কাছ থেকে কোনো মাছ আমরা নেইনি।’

ইউএনও মোহাম্মদ নুরুজ্জামান বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।