ব্যবসায়ীর টাকা লুট, র্যাবের ৬ সদস্যের জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ীর টাকা লুটের ঘটনায় র‌্যাবের ছয় সদস্যের কারাদণ্ড হয়েছে। র‌্যাবের নিজস্ব আইনে বিচারের রায় ঘোষণার পর গত বৃহস্পতিবার বিকেলে সাজাপ্রাপ্ত ছয়জনকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। র‌্যাব ও কারাগার সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
জানতে চাইলে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান প্রথম আলোকে বলেন, ‘অপরাধ করে র‌্যাব থেকে যে কেউ ছাড়া পায় না, এ ঘটনা সেটাই প্রমাণ করেছে। বাহিনীর আইন কঠোরভাবে মেনে চলা হয়। র‌্যাবে কেউই জবাবদিহির বাইরে নয়।’
সাজাপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে সিনিয়র ওয়ারেন্ট অফিসার কামরুল ইসলামের আড়াই বছর, এসআই মমিনুল ইসলামের দেড় বছর, এএসআই আনোয়ার পারভেজের দেড় বছর ও নুরে আলমের এক বছর, ল্যান্স করপোরাল মাসুদ রানার দেড় বছর এবং ল্যান্স করপোরাল মনিরুল ইসলামের এক বছরের কারাদণ্ড হয়েছে। এঁরা সবাই র‌্যাব-১ কর্মরত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় দেড় মাস আগে র‌্যাব-১-এর একটি দল এক ব্যবসায়ীকে আটক করে। এরপর ওই ব্যবসায়ীর কাছ থেকে প্রায় এক কোটি টাকা কেড়ে নেওয়া হয়। র‌্যাব গোয়েন্দারা এ ঘটনা জানতে পেরে তদন্ত শুরু করেন। তদন্তের পর ছয়জন বিচারের মুখোমুখি হন। বিচার শুরুর আগে সবাইকে কর্মস্থল থেকে প্রত্যাহার করে আটক রাখা হয়। র‌্যাব বিধি অনুসারে বিচারের জন্য র‌্যাব-১-এর অধিনায়ক কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদকে প্রধান করে দুই সদস্যের আদালত গঠন করা হয়। আদালতের কার্যক্রম শুরু হয় গত ১২ মে।
তুহিন মোহাম্মদ মাসুদ প্রথম আলোকে বলেন, তিন সপ্তাহ ধরে আদালত বিভিন্ন সাক্ষ্যপ্রমাণ পর‌্যালোচনা করে ছয়জনকে বিভিন্ন মেয়াদের সাজা দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা ৪০ লাখ টাকা কেড়ে নেয় বলে তথ্যপ্রমাণ মেলে। সাজা খাটার জন্য তাঁদের সাধারণ কারাগারে পাঠানো হয়।
কারা সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে র‌্যাব সদস্যরা ছয়জনকে কারাগারে সোপর্দ করেন। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিধি ২০০৩ অনুসারে এই সাজা দেওয়া হয়েছে বলে র‌্যাবের চিঠিতে উল্লেখ করা হয়।
সূত্র জানায়, র‌্যাব বিধি অনুসারে সাজাপ্রাপ্ত ব্যক্তিরা তাঁদের রায় পুনর্বিবেচনার জন্য পুলিশের মহাপরিদর্শকের কাছে নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন।
এর আগে ২০১১ সালের ৪ নভেম্বর চট্টগ্রামের তালসরা দরবার থেকে দুই কোটি টাকা লুট করেছিলেন র‌্যাব-৭-এর তৎকালীন অধিনায়ক জুলফিকার আলী মজুমদারসহ তিন কর্মকর্তা। এ ঘটনায় করা মামলা এখনো বিচারাধীন। জুলফিকারসহ তিন কর্মকর্তাকে নিজ নিজ বাহিনী চাকরিচ্যুত করে।
সর্বশেষ নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় অভিযুক্ত হন র‌্যাব-১১-এর অধিনায়ক তারেক সাঈদ মোহাম্মদ, উপ-অধিনায়ক মেজর আরিফ হোসেন ও লে. কমান্ডার এম এম রানাসহ ২৫ জন। এ ঘটনায় আটজন এখনো পলাতক।