ব্যবসায়ীর টয়লেটেই ৫৮ লাখ টাকা!

রাজধানীর সেগুনবাগিচায় গত বুধবার এক ব্যবসায়ীর বাসার টয়লেট থেকে অন্তত ৫৮ লাখ টাকা জব্দ করা হয়েছে। একই দিন ওই ব্যবসায়ীর মতিঝিলের প্রতিষ্ঠান থেকে আরও নয় লাখ টাকা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। গ্রেপ্তার করা হয়েছে ওই ব্যবসায়ীর পাঁচ সহযোগীকে।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তর বৃহস্পতিবার আদালতে প্রতিবেদন দিয়ে বলেছে, ওই ব্যবসায়ীর নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র অনেক দিন ধরে হুন্ডির মাধ্যমে ভারতে টাকা পাচার করে আসছিল।
পলাতক ওই ব্যবসায়ীর নাম তাজিম আনোয়ার। তিনি ‘তাজিম বাংলাদেশ’ নামের একটি প্রতিষ্ঠানের মালিক। গ্রেপ্তার পাঁচজন হলেন জহিরুল ইসলাম (২১), তরুণ দত্ত (৪৮), মো. মাছুম (৩২), মো. আবদুর রহমান (৩৪) ও মো. আনোয়ার হোসেন (৪৮)।
শুল্ক গোয়েন্দারা গত বুধবার মতিঝিলে তাজিম বাংলাদেশের কার্যালয় থেকে ৯ লাখ ৭৫ হাজার টাকা এবং সেগুনবাগিচায় তাজিম আনোয়ারের বাসার টয়লেট থেকে ৫৮ লাখ ১৫ হাজার টাকা জব্দ করে। এ ঘটনায় তাজিম আনোয়ারকে প্রধান আসামি করে মতিঝিল থানায় অর্থপাচার প্রতিরোধ আইনে মামলা করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাজিম আনোয়ার ভারতে হুন্ডির মাধ্যমে অনেক আগে থেকে টাকা পাচার করে আসছিলেন।
টাকার উৎস ও ঘটনার রহস্য উদ্ঘাটন করার জন্য গ্রেপ্তার পাঁচজনকে বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। কিন্তু মামলার কেস ডায়েরি না থাকায় আদালত রিমান্ড আবেদনের ওপর শুনানি পিছিয়ে আগামী সোমবার দিন ঠিক করেছেন।

রিমান্ড আবেদনে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর আদালতকে বলেছে, তাজিম আনোয়ার অবৈধভাবে হুন্ডির মাধ্যমে ভারতে টাকা পাচার করেছেন। তিনি সোনা চোরাচালানের সঙ্গেও জড়িত। তাজিম আনোয়ারের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র বিপুল পরিমাণ টাকা ভারতে পাচার করেছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করলে আরও বিপুল পরিমাণ টাকা, সোনাসহ পলাতক আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে।
তাজিম আনোয়ার থাকেন সেগুনবাগিচার সিলকন ভিলায়। ওই বাসার লিফটম্যান আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, বাসার ৮/১ ফ্ল্যাটটির মালিক তাজিম আনোয়ার। গত বুধবার ওই বাসার টয়লেট থেকে অনেক টাকা জব্দ করা হয়েছে। টাকার পাশাপাশি তাজিম আনোয়ার ও তাঁর স্ত্রী আয়েশা সিদ্দিকার পাসপোর্টও জব্দ করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।
মামলার নথিপত্র বলছে, গত বুধবার বিকেল চারটার দিকে শুল্ক গোয়েন্দারা মতিঝিলের তাজিম বাংলাদেশের কার্যালয়ে যান। সেখানে গিয়ে প্রতিষ্ঠানের কর্মচারী জহিরুল ইসলাম ও তরুণ দত্তকে দেখতে পান। জিজ্ঞাসাবাদের সময় তরুণ দত্ত স্বীকার করেন, যে ৯ লাখ ৭৫ হাজার টাকা জব্দ করা হয়েছে, তা ভারতে পাচার করার জন্য রাখা হয়েছিল। দীর্ঘদিন ধরে তাঁরা ভারতে টাকা পাচার করছেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে এই পাঁচজনই জানায়, তাজিম আনোয়ারের বাসায় আরও অনেক টাকা আছে। পরে সেখানে অভিযান চালানো হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, ফ্ল্যাটের বাথরুম থেকে উদ্ধার করা বিপুল পরিমাণ টাকার উৎস জানাতে পারেননি তাজিম আনোয়ারের স্ত্রী আয়েশা সিদ্দিকা। তিনি শুধু জানিয়েছেন, তাঁর স্বামী এই টাকা এনে রেখেছিলেন।
তদন্ত কর্মকর্তা নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, টাকা পাচারকারী তাজিম আনোয়ারকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।