ব্যবসায়ীর দুই চোখ নষ্ট করে দিল দুর্বৃত্তরা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরে কবির মৃধা নামের এক পান ব্যবসায়ীকে তুলে নিয়ে দুই চোখে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বলছে, তাঁর দুটি চোখই নষ্ট হয়ে গেছে। গত বুধবার রাত ১০টার দিকে কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
কবির মৃধার (৪০) বাড়ি ওই ইউপির খুনেরচর গ্রামে। পুলিশের ধারণা, ইউপি চেয়ারম্যানের সঙ্গে পূর্ববিরোধের জের ধরে এ ঘটনা ঘটে। জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন একই ইউপির বাঁশগাড়ি এলাকার সাইদুল বিশ্বাস, আউলিয়ার চর এলাকার জাহাঙ্গীর আকন ও কালাই সরদারের চর এলাকার সেলিম হাওলাদার।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কবির মৃধা বুধবার রাতে ব্যবসায়িক কাজে বাঁশগাড়ি থেকে ঢাকায় যাচ্ছিলেন। তিনি সফিপুর এলাকায় লঞ্চের জন্য অপেক্ষা করছিলেন। একপর্যায়ে ১৫-২০ জনের একদল দুর্বৃত্ত তাঁকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে পাশের একটি নির্জন স্থানে নিয়ে যায়। এরপর তাঁর দুই চোখে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর অবস্থায় তাঁকে ফেলে রেখে দুর্বৃত্তরা চলে যায়। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে পাঠানো হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা রেজাউল করিম বলেন, কবিরের দুই চোখে প্রচণ্ড রক্তক্ষরণ হয়। পরে তাঁকে ঢাকায় পাঠানো হয়।
কবির মৃধার ছোট ভাই ও বাঁশগাড়ি ইউপির ৯ নম্বর ওয়ার্ড সদস্য খবির মৃধা বলেন, ‘আমার ভাইয়ের দুই চোখ তুলে ফেলেছে দুর্বৃত্তরা। ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের লোকজন এই কাজ করেছে।’
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্দু বালা বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানের সঙ্গে পূর্বশত্রুতার জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার (কালকিনি সার্কেল) সুমন কুমার দেব বলেন, আশঙ্কা করা হচ্ছে, আঘাতের কারণে ব্যবসায়ী কবিরের চোখ দুটি নষ্ট হয়ে গেছে। স্বজনেরা ঢাকায় ব্যস্ত থাকায় গতকাল সন্ধ্যা পর্যন্ত মামলা করা হয়নি।
ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমরা কোনোভাবেই জড়িত নই। আমাদের ফাঁসানোর চেষ্টা চলছে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কবির মৃধা এলাকায় অনেক অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত। কবিরের পক্ষের লোকেরাই এই ভয়ানক কাজটি করেছে।