ব্যবসায়ীর দোকানে ভাঙচুর লুটপাটের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গফরগাঁওয়ে নুরুল ইসলাম তালুকদার নামের এক ব্যবসায়ীর দোকানঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার টাঙ্গাব ইউনিয়নের ব্রাহ্মণখালী বটতলা বাজারে গত শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
নুরুল ইসলাম তালুকদার বলেন, তিনি বটতলা বাজারে ২০ শতক জমি সরকারের কাছ থেকে ইজারা নিয়ে সেখানে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলেন।
পরে সেখানে তিনি ও হাফিজ উদ্দিন মিলে আরও তিন শতক জমি কেনেন। তাঁর অভিযোগ, শনিবার গভীর রাতে হাফিজ উদ্দিনের ছেলে গোলাপ মিয়া তাঁর কয়েকজন সহযোগীকে নিয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালান। হামলাকারীরা তাঁর দোকান থেকে মালামাল ও টাকা লুট করে নিয়ে যান। তবে গোলাপ মিয়া এ অভিযোগ অস্বীকার করে জানান, তিনি এ ঘটনায় জড়িত নন।