ব্যবসায়ীর পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
চট্টগ্রামে এক ব্যবসায়ীর পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার বেলা একটার দিকে নগরের চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের ঘটনাটি মৌখিকভাবে পুলিশকে জানানো হয়েছে।
ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী কামাল উদ্দিন বলেন, দুপুরে ব্যাংক এশিয়ার বহদ্দারহাট শাখা থেকে তিনি পাঁচ লাখ টাকা তোলেন। টাকা নিয়ে যাত্রীবাহী বাসে করে কাপ্তাই রাস্তার মাথায় যাচ্ছিলেন। সেখানে ফাস্ট সিকিউরিটি ব্যাংকে তাঁর ছোট ভাইয়ের হিসাব নম্বরে টাকাগুলো জমা দেওয়ার কথা ছিল। যাওয়ার পথে বাসটি বাহির সিগন্যাল এলাকায় থামে। এ সময় চার যুবক বাসে উঠে তাঁকে টেনেহিঁচড়ে নিচে নামান। তাঁদের সঙ্গে অস্ত্র ছিল। পরে তাঁর হাতে থাকা টাকার ব্যাগটি নিয়ে তাঁরা মোটরসাইকেলে করে কাপ্তাই রাস্তার মাথার দিকে চলে যান। বিষয়টি তিনি চান্দগাঁও থানার পুলিশকে জানিয়েছেন।
জানতে চাইলে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, বিষয়টি ছিনতাই না অন্যকিছু, খতিয়ে দেখা হচ্ছে। ব্যবসায়ী কামালের কাছ থেকে কিছু লোক টাকা পেতেন। তিনি ব্যাংক থেকে টাকা তুলেছেন, খবর পেয়ে পাওনাদাররা টাকা ছিনিয়ে নিতে পারেন বলে তাঁরা ধারণা করছেন। যারাই এ ঘটনায় জিড়ত থাকুক না কেন, তাদের ধরার চেষ্টা চলছে।