ব্যবসায়ীর পুঁতে রাখা লাশ উদ্ধার
নাটোরের লালপুর উপজেলার পালিদহ এলাকা থেকে আজ বুধবার সকালে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি উপুড় করে মাটিতে পুঁতে রাখা ছিল।
নিহত ব্যবসায়ীর নাম শরিফুল ইসলাম (৩২)। তিনি পাবনার ঈশ্বরদী শহরে হার্ডওয়্যার পণ্যের ব্যবসা করতেন। তাঁর বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার বাউশা মিয়াপাড়া গ্রামে।
লালপুর থানার পুলিশের ভাষ্য, উপজেলার পালিদহ এলাকার বাসিন্দারা আজ সকালে একটি বৈদ্যুতিক খুঁটির পাশে উপুড় করে পুঁতে রাখা একটি লাশ দেখতে পান। পরে তাঁরা পুলিশে খবর দেন। লালপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, মাথা নিচের দিকে ও পা ওপরের দিকে রেখে লাশটি মাটিতে পুঁতে রাখা ছিল। লাশ উদ্ধার করার পর নিহত ব্যক্তির শরীরে বেশ কিছু জখমের চিহ্ন দেখা গেছে। পকেটে থাকা কাগজপত্র ও মুঠোফোন থেকে তাঁর পরিচয় জানা যায়।
নিহত ব্যক্তির বড় ভাই সাইফুল ইসলামের ভাষ্য, গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর রাজশাহীর বাঘা উপজেলার বাড়ি থেকে ঈশ্বরদীর উদ্দেশে রওনা দেন শরিফুল। এর পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। কিছুদিন ধরে একজন পাওনাদারের সঙ্গে তাঁর দ্বন্দ্ব চলছিল। তবে কে বা কারা কেন তাঁকে হত্যা করেছে, তা বোঝা যাচ্ছে না।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।