ব্যবসায়ীর বাড়িতে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া গয়াবান্দা মুন্সিপাড়ায় গত শনিবার রাতে দুষ্কৃতকারীরা এক ব্যবসায়ীর বাড়িতে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ করেছে। এতে কেউ হতাহত না হলেও বাড়ির কিছু অংশ পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শাহবাজ আরেফিন দাবি করেন, তাঁর পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষই এ কাজ করেছে। তবে প্রতিপক্ষের কারও নাম তিনি প্রকাশ করেননি। প্রতিপক্ষের বিরুদ্ধে তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, শনিবার রাত নয়টার দিকে তালোড়া গয়াবান্দা মুন্সিপাড়ার ব্যবসায়ী শাহবাজ আরেফিনের বাড়ির প্রাচীরের বাইরে থেকে বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতকারীরা একটি ককটেল ও একটি পেট্রলবোমা ছুড়ে মারে। এতে বাড়ির বারান্দায় আগুন লেগে যায়। বাড়ির আতঙ্কিত বাসিন্দাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে গিয়ে প্রধান ফটক বাইরে থেকে বন্ধ দেখতে পান। তাঁরা ফটক দ্রুত খুলে বাড়ির লোকজনকে মুক্ত করেন ও আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে জানতে চাইলে দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চন্দ্র চক্রবর্তী গতকাল রোববার প্রথম আলোকে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ককটেল ও পেট্রলবোমার আলামত সংগ্রহ করেছে। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত কেউ থানায় কোনো লিখিত অভিযোগ করেননি বলে তিনি জানান।