ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির চেষ্টা, দুজনকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা শহরের মধ্য কাটিয়ার মাঠপাড়ায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির চেষ্টার সময় ডাকাতেরা গৃহকর্তা ও তাঁর ছেলেকে কুপিয়ে জখম করেছে। পরে সদুরডাঙ্গী এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন গুলিবিদ্ধ হন। গত বুধবার ওই ঘটনা ঘটে।
ডাকাতদের হাতে আহত ব৵ক্তিরা হলেন গৃহকর্তা আবদুর রাজ্জাক (৫০) ও তাঁর ছেলে মোস্তফা মুরাদ (১৯)। আর গুলিতে আহত ব্যক্তি হলেন একই এলাকার মো. শাহজাহান ওরফে সুজন (২৫)।
হাসপাতালে চিকিৎসাধীন গৃহকর্তা আবদুর রাজ্জাকের বড় ছেলে মোস্তফা ফারহাদ বলেন, বুধবার দিবাগত রাতে বারান্দার গ্রিল কেটে চার-পাঁচজন ডাকাত তাঁদের বাড়ির দোতলায় ওঠে। এ সময় গ্রিল ভাঙার শব্দে ঘুম ভেঙে গেলে তাঁরা দরজা খোলেন। সঙ্গে সঙ্গে ডাকাতেরা তাঁকে কোপাতে শুরু করে। তাঁকে বাঁচাতে ছোট ভাই মোস্তফা মুরাদ এগিয়ে এলে তাঁকেও কোপানো হয়। তাঁদের চিৎকারে প্রতিবেশীরা এসে পড়লে ডাকাতেরা চলে যায়। পরে তাঁদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বলেন, ব্যবসায়ী আবদুর রাজ্জাকের বাড়িতে ডাকাতির চেষ্টার খবর পাওয়ামাত্রই ঘটনাস্থল পরিদর্শন করা হয়। এ সময় ওই পরিবারের সদস্যদের দেওয়া তথ্যমতে অভিযান শুরু হয়। একপর্যায়ে ডাকাতদের সন্ধানে সদুরডাঙ্গী এলাকায় গেলে ডাকাত দল ও তাঁদের মধ্যে গুলিবিনিময় হয়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে।
গুলিবিদ্ধ শাহজাহানের বাবা মতিয়ার রহমান বলেন, তাঁর ছেলে বুধবার রাত ১১টার দিকে বাড়ি থেকে বের হয়। পরের দিন সকালে জানতে পারেন, গুলিবিদ্ধ অবস্থায় পুলিশ তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেছে।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরিমল কুমার বিশ্বাস জানান, আবদুর রাজ্জাক ও মোস্তফা মুরাদের মাথায় ও হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। শাহজাহানকে রাত সাড়ে তিনটার দিকে ভর্তি করা হয়েছে। তাঁর বাঁ পায়ের হাঁটুর নিচে গুলি লেগেছে।
সদর থানার ওসি এমদাদুল হক শেখ আরও বলেন, ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটারগান ও একটি দা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গৃহকর্তা আবদুর রাজ্জাকের ছেলে মোস্তফা ফারহাদ বাদী হয়ে ডাকাতির চেষ্টার অভিযোগে শাহজাহানের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন। এদিকে পুলিশের ওপর হামলার অভিযোগে সাতক্ষীরা সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহজাহানের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা চার-পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন।