ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর লুটপাটের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কৈট্টা গ্রামে গত শনিবার রাতে ব্যবসায়ী গোপাল সাহার বাড়িতে ভাঙচুর ও লুটপাট হয়েছে। জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন এই ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ উঠেছে।
গোপাল সাহার পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বসতভিটার সীমানা নিয়ে ব্যবসায়ী গোপালের সঙ্গে প্রতিবেশী ক্ষিতীশ সাহার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে শনিবার দিবাগত রাত দুইটার দিকে ক্ষিতীশ সাহা ও তাঁর লোকজন গোপালের বাড়ির সীমানাপ্রাচীর ভাঙচুর করে। এরপর তারা গোপালের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে।
গোপাল সাহা অভিযোগ করেন, ওই হামলার সময় প্রতিপক্ষের লোকজন তাঁর ঘরে থাকা বিকাশ এজেন্টের ১ লাখ ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এ সময় তাঁদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।
স্থানীয় ধানকোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আবদুর রউফ জানান, ক্ষিতীশ ও গোপাল সাহার মধ্যে কয়েক বছর ধরে জমিসংক্রান্ত বিরোধ চলছে। এ বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার সালিস বৈঠক করা হলেও ক্ষিতীশের পরিবার তা মানেনি।
গতকাল রোববার সন্ধ্যায় ক্ষিতীশ সাহার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়। তবে ক্ষিতীশের স্ত্রী কানন সাহা বলেন, সীমানা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়েছে। তবে কোনো ভাঙচুর ও টাকাপয়সা লুটপাটের ঘটনা ঘটেনি।