ব্যবসায়ীর মৃত্যু ও পুলিশ নিহতের ঘটনায় এএসআই বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্রেপ্তার এড়াতে পানিতে ঝাঁপ দিয়ে ব্যবসায়ী আবদুল মতিনের মৃত্যু এবং এরপর উত্তেজিত জনতার হাতে পিটুনিতে পুলিশের কনস্টেবল নিহত হওয়ার ঘটনায় আজ বৃহস্পতিবার পুলিশ বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা হয়েছে। বরখাস্ত করা হয়েছে একজন সহকারী উপপরিদর্শককে (এএসআই)। তা ছাড়া এ ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) সোহেব খান জানান, পুলিশের দায়ের করা মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনায় দায়িত্ব ও কর্তব্যকাজে অবহেলার জন্য এএসআই ফখরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এসআই সোহেব জানান, আরিফুর রহমানকে হত্যা ও সরকারি কাজে বাধার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজ বৃহস্পতিবার সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) আল-আমিন তালুকদার বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৩০ থেকে ৩৫ জনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন।

অপর দিকে ব্যবসায়ী আবদুল মতিনের মৃত্যু ও পুলিশ কনস্টেবল আরিফুর নিহত হওয়ার ঘটনা তদন্তের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমানকে। অপর দুই সদস্য হলেন সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) ফোরকান শিকদার ও জেলা গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক মামুনুর রশিদ। তিন দিনের মধ্যে এ কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।