ব্যবসায়ীর লাশ উদ্ধার, পরিবারের দাবি খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডিমলা উপজেলায় জিয়ারুল ইসলাম (৩২) নামের এক মুরগি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের দক্ষিণ গয়াবাড়ি গ্রামের নিজ বাড়ি থেকে গত বুধবার রাতে জিয়ারুলের লাশ উদ্ধার করে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন।
জিয়ারুলের স্ত্রী সাহিদা বলেন, ‘প্রায় এক সপ্তাহ আগে পারিবারিক কলহের জের ধরে ভাশুর আবদুল জলিল ও তাঁর স্ত্রী আয়শা আমাকে মারধর করেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি। এর জের ধরে ভাশুর ও তাঁর লোকজন আমার স্বামীকে হত্যা করে গলায় ফাঁস দিয়ে ঘরের ভেতর ঝুলিয়ে রাখেন। ঘটনার দিন আমি বাবার বাড়িতে ছিলাম।’ জলিল বলেন, ‘পারিবারিক কলহ থাকতে পারে, এ জন্য নিজের ভাইকে হত্যার প্রশ্নই ওঠে না।’
থানার এসআই শাহাবুদ্দিন আহম্মেদ বলেন, ঘটনাটি রহস্যজনক হওয়ায় পুলিশের পক্ষ থেকে জিডি করা হয়েছে। এ ঘটনায় সাহিদা গতকাল হত্যা মামলা দায়ের করেছেন।