ব্যবসায়ীর সাড়ে নয় লাখ টাকা ছিনতাই
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদর দপ্তরের পাশে হেয়ার রোড থেকে গতকাল শনিবার বিকেলে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে সাড়ে নয় লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। পরে নারায়ণগঞ্জের মৌচাক নামক স্থানে তাঁকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়।
ওই ব্যবসায়ীর নাম মো. শামসুজ্জামান। তিনি বিদেশি মুদ্রার ব্যবসা করেন বলে জানিয়েছেন।
শামসুজ্জামান বলেন, মতিঝিল থেকে তিনি প্রায় চার লাখ টাকার বিনিময়ে ২০ হাজার মালয়েশিয়ান রিংগিত কেনেন। সঙ্গে তাঁর আরও সাড়ে পাঁচ লাখ টাকা ছিল। টাকাগুলো নিয়ে বাইসাইকেলে করে তিনি কলাবাগানে নিজ বাসার দিকে যাচ্ছিলেন। হেয়ার রোড এলাকায় এলে কালো একটি মাইক্রোবাস তাঁর গতি রোধ করে। তিনজন তাঁকে টেনে মাইক্রোবাসে তুলে চোখ বেঁধে ফেলে হাতে হ্যান্ডকাফ পরিয়ে দেয়। এরপর লাঠি দিয়ে পায়ে পেটানো শুরু করে। পরে তাঁকে নারায়ণগঞ্জের মৌচাক এলাকায় নামিয়ে দেওয়া হয়।
রমনা থানার ওসি মশিউর রহমান বলেন, শামসুজ্জামান মৌখিকভাবে অভিযোগ করেছেন।