ব্যবসায়ীর হত্যাকারীদের গ্রেপ্তার দাবি
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় ব্যবসায়ী একরামুল হক খান হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বুধবার মানববন্ধন করেছে এলাকাবাসী।
দুপুরে রানীশংকৈল উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সংরক্ষিত আসনের নারী সাংসদ সেলিনা জাহান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সইদুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তার, পৌরসভার মেয়র মখলেসুর রহমান, বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রমুখ।
পরে রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাসের বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।
সম্প্রতি রানীশংকৈল উপজেলার মহলবাড়ি জামে মসজিদের ইমাম হাবীবুল্লাহ আল হাবীব একরামুলের নাতি তুসরাত জাহান নিশিকে পড়ানোর সময় মারধর করেন। এ ঘটনার প্রতিবাদ করলে ২১ অক্টোবর নিশির বাবা আবদুর রাজ্জাকের সঙ্গে হাবীবের হাতাহাতি হয়। এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে একরামুলের হোটেলে হামলা চালালে একরামুল গুরুতর আহত হন। পরে তিনি মারা যান।