ব্যবসায়ীর হাতে শিক্ষক লাঞ্ছিত বিক্ষোভ ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের এক শিক্ষককে লাঞ্ছিত করার জের ধরে বিক্ষোভ ও ভাঙচুর করেছেন শিক্ষার্থীরা। বিক্ষোভের মুখে অভিযুক্ত পোলট্রি ব্যবসায়ী অসীম কুমার দাস ওরফে মুরালীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।

গত শনিবার রাত ১১টার দিকে কলেজের পাঁচ শতাধিক শিক্ষার্থী নগরের নতুনবাজার এলাকায় অসীম কুমারের মালিকানাধীন সুগন্ধা পোলট্রি ফার্মের সামনে বিক্ষোভ করেন। এ সময় একটি ট্রাকসহ কয়েকটি দোকান ভাঙচুর করেন তাঁরা।

কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও কবি জীবনানন্দ দাশ ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক সঞ্জয় কুমার বিশ্বাস অভিযোগ করেন, গত বৃহস্পতিবার একটি পূজা উৎসবের জন্য তাঁর কাছে চার বস্তা চাল ও দুই বস্তা ডাল চাঁদা দাবি করেন অসীম কুমার। শনিবার সন্ধ্যায় নতুন বাজার এলাকায় তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে এত টাকা দেওয়া সম্ভব নয়, জানালে তাতে তিনি ক্ষিপ্ত হন। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে অসীম কুমার তাঁর শার্টের কলার চেপে ধরে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। বিষয়টি রাতে কলেজের শিক্ষার্থীরা জানতে পেরে বিক্ষোভ করেন। এ ঘটনায় রাত সাড়ে ১২টায় তিনি থানায় লিখিত অভিযোগ করেন।

নগরের ভোলাগিরি আশ্রমের এক বাসিন্দা বলেন, পূজার চাঁদা নিয়ে সঞ্জয় বিশ্বাস ও সুগন্ধা পোলট্রি ফার্মের মালিক অসীম কুমারের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বিষয়টি অমৃত লাল দে মহাবিদ্যালয়ের শিক্ষকেরা মীমাংসা করে দেন। কিন্তু গভীর রাতে কলেজের শিক্ষার্থীরা এলাকায় এসে ভাঙচুর চালান ও অসীম কুমারকে গ্রেপ্তারের দাবি জানান।

ঘটনার প্রত্যক্ষদর্শী তন্ময় কুমার নাথ বলেন, রাত ১১টার দিকে বিএম কলেজের শিক্ষার্থীরা রড, স্টিলের পাইপ ও লাঠিসোঁটা নিয়ে নতুন বাজার এলাকায় আসেন। এ সময় তাঁরা অসীম কুমারের ব্যবসাপ্রতিষ্ঠান ও পোলট্রি সরবরাহকারী একটি ট্রাক ভাঙচুর করেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। একপর্যায়ে শিক্ষার্থীরা হাসপাতাল রোড, বগুড়া রোড ও বিএম কলেজ সড়ক অবরোধ করে অসীম কুমারকে গ্রেপ্তারের দাবি জানান। এরপর অসীম কুমারকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু তারপরও বিক্ষোভ না থামলে বিএম কলেজের অধ্যক্ষ স ম ইমানুল হাকিম ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের শান্ত করে অবরোধ তুলে দেন।

অধ্যক্ষ ইমানুল হাকিম বলেন, ‘কলেজশিক্ষককে লাঞ্ছিত করায় শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। কী কারণে হয়েছে, সেটা জানি না। তবে শিক্ষককে লাঞ্ছিত করলে অবশ্যই শাস্তি পেতে হবে।’

সহকারী পুলিশ কমিশনার আজাদ রহমান বলেন, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে অসীম কুমারকে গ্রেপ্তার করা হয়েছে। শিক্ষক সঞ্জয় বিশ্বাস লিখিত অভিযোগ দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, শিক্ষকের অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে অসীম কুমারকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল রোববার আদালতে পাঠানো হয়েছে।