ব্যবসায়ীর ৩৩ লাখ টাকা ছিনতাই
ঠাকুরগাঁও শহরে গতকাল সোমবার মাজহারুল ইসলাম (৩২) নামের এক ব্যবসায়ীর ৩৩ লাখ টাকা ছিনতাই করেছে ছিনতাইকারীরা। মাজহারুল সিগারেট ও কোমল পানীয়সহ কয়েকটি কোম্পানির পরিবেশক। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, দুপুরে মাজহারুল একটি মোটরসাইকেল নিয়ে গোবিন্দনগর এলাকার বিসিক শিল্পনগরীর সামনে থেকে ঠাকুরগাঁও রোড শাখার জনতা ব্যাংকে ওই টাকা জমা দিতে যাচ্ছিলেন। মুন্সিরহাট এলাকায় একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি তাঁর গতিরোধ করে। তিনি গতি কমাতেই দুর্বৃত্তরা তাঁর মাথায় পিস্তল দিয়ে আঘাত করে। এ সময় তারা মাজহারুলের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পালানোর সময় দুর্বৃত্তরা আতঙ্ক সৃষ্টির জন্য একটি হাতবোমা ছোড়ে। এ সময় দুর্বৃত্তরা একটি গুলিভর্তি পিস্তল ফেলে যায়। স্থানীয়রা মাজহারুলকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
সদর থানার ওসি মেহেদী হাসান জানান, প্রথমে পাঁচজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে।