ব্যবসায়ীর ৬৫ লাখ টাকা ছিনতাই গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ৬৫ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ সময় বাধা দিতে গিয়ে আহত হন আরও দুজন। গত শুক্রবার উপজেলা সদরের ঝিলপাড়া এলাকায় ওই হামলার ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন ব্যবসায়ী লিটন মিয়া, তাঁর বড় ভাই কামাল উদ্দিন ও ব্যবস্থাপক রিপন মিয়া। ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও আহত ব্যবসায়ীরা জানান, লিটন ও কামাল উদ্দিন গোলেজার মার্কেটে সিরামিকের তৈরি জিনিসপত্রের ব্যবসা করেন। শুক্রবার তাঁদের দোকানে হালখাতা চলছিল। অনুষ্ঠান শেষে রাত নয়টার দিকে তাঁরা ৬৫ লাখ টাকা ব্যাগে নিয়ে বাড়ি ফিরছিলেন। গোবিন্দগঞ্জ থানার অদূরে বাড়িতে ঢোকার আগেই তিন-চারজন দুর্বৃত্ত লিটনের বাঁ হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় বাধা দিলে কামাল ও রিপনকেও অস্ত্র দিয়ে আঘাত করা হয়। তাঁদের চিৎকারে লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা দুটি মোটরসাইকেলে করে পালিয়ে যায়। লিটনকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আর কামাল ও রিপনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরে কামাল উদ্দিন থানায় মামলা করেন। ঘটনায় জড়িত সন্দেহে রাতেই পৌর সোনারপাড়া এলাকার মানিক শেখ, বুজরুক বোয়ালিয়া এলাকার পারভেজ রহমান ও একই এলাকার মুরাদ মিয়াকে গ্রেপ্তার করা হয়।
গোবিন্দগঞ্জ ওসি জাহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তার লোকদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য গতকাল শনিবার আদালতে আবেদন জানানো হয়েছে।