ব্যবসায়ী-ছাত্রলীগ ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে পার্কের মোড়ে সকালের ঘটনার জের ধরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সঙ্গে ব্যবসায়ীদের গতকাল পাল্টাপাল্টি ধাওয়া হয়। ছবিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে সন্ধ্যায় তোলা l প্রথম আলো
রংপুরে পার্কের মোড়ে সকালের ঘটনার জের ধরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সঙ্গে ব্যবসায়ীদের গতকাল পাল্টাপাল্টি ধাওয়া হয়। ছবিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে সন্ধ্যায় তোলা l প্রথম আলো

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্কের মোড়ে গতকাল শনিবার সকালে চাঁদা না পেয়ে ফাস্টফুড ও কনফেকশনািরতে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে ভাঙচুর করে। সকালের এ ঘটনার জের ধরে সন্ধ্যার পর থেকে ব্যবসায়ী-স্থানীয় লোকদের সঙ্গে ছাত্রলীগের থেমে থেমে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে একজন সাংবাদিকসহ পাঁচজন আহত হয়েছেন।

এদিকে ওই হামলায় রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়িত বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি স্থগিতের ঘোষণা দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।

কয়েকজন প্রত্যক্ষদর্শী, ক্ষতিগ্রস্ত দোকানের মালিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল আটটার দিকে শহরের পার্কের মোড় এলাকায় লিফা ফাস্টফুড অ্যান্ড কনফেকশনারি খোলার পর ১০-১২ জনের এক দল দুর্বৃত্ত এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা হামলা চালিয়ে দোকানের ফ্রিজসহ খাবার রাখার কাচের আসবাব ভাঙচুর করে। বিষয়টি জানাজানি হলে সকাল নয়টার দিকে সেখানকার ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীরা অবরোধ তুলে নিলে বেলা ১১টা থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এদিকে ব্যবসায়ীদের অবরোধের প্রতিবাদে সন্ধ্যার পর ক্যাম্পাসে ছাত্রলীগ একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে ফটকের বাইরে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় ব্যবসায়ী ও স্থানীয় লোকদের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় একটি চায়ের দোকানে আগুন লাগােনা হয়। থেমে থেমে চলে ইটপাটকেল নিক্ষেপ। এতে যুগান্তর পত্রিকার ফটোসাংবাদিক উদয় চন্দ্র বর্মণসহ পাঁচজন আহত হন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনগণ রংপুর-কুড়িগ্রাম সড়ক অবরোধ করায় কুড়িগ্রাম ও লালমনিরহাটের সঙ্গে ঢাকাসহ দূরপাল্লার সব ধরেনর যানবাহন চলাচলও বন্ধ হয়ে যায়।

পার্কের মোড় দোকান মালিক সমিতির আহ্বায়ক এ কে এম মাসুদ রানা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ প্রশাসন পার্কের মোড়ে হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়ায় সকালের অবরোধ তুলে নেওয়া হয়। সন্ধ্যার পর ক্যাম্পাস থেকে ছাত্রলীগ মিছিল বের করলে এলাকাবাসী ও ব্যবসায়ীরা একজোট হলে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

লিফা ফাস্টফুড অ্যান্ড কনফেকশনািরর মালিক মাজেদুল ইসলাম বলেন, সকাল ৮টায় ১০-১২ জন ছাত্র ছাত্রলীগের নাম করে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। এই টাকা দিতে অস্বীকৃতি জানানো হলে দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। দোকানের দুটি ফ্রিজ, শোকেসসহ অনেক টাকার মালপত্র ক্ষতি হয়।

ছাত্রলীগ রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সকালে দোকান ভাঙচুরের ঘটনায় রাজনৈতিক ফায়দা নিতে চাচ্ছে একটি পক্ষ। এ ঘটনারই জের ধরে সন্ধ্যার পর ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এর সঙ্গে ছাত্রলীগ জড়িত নয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম বলেন, সকালের ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হলেও সন্ধ্যার পর আবারও ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ বাধে।

ছাত্রলীগের কমিটি স্থগিত

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ ছাড়া এ ঘটনা তদন্তে কেন্দ্রীয় ছাত্রলীগ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির সদস্যরা হলেন চন্দ্র শেখর মণ্ডল, শেখ জসিম উদ্দিন ও ইয়াজ আল রিয়াদ।