গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলী আশরাফ মো. জিয়াউল ইসলামের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণ হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। গত ৭ মে ওই ইউপির সাতজন সদস্য তাঁর বিরুদ্ধে জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের সচিব বরাবর অভিযোগ করেন।
অভিযোগে বলা হয়, ২০১১-১২ অর্থবছরে পরিষদ ভবন সংস্কারে ৬৫ হাজার ৬২৮ টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ইউপি চেয়ারম্যান সামান্য কাজ করে বেশির ভাগ টাকা আত্মসাৎ করেন। একই অর্থবছরে স্থানীয় সরকার সহায়তা প্রকল্পের (এলজিএসপি) আওতায় অগভীর নলকূপ, রিং স্লাব ও রিং পাইপ স্থাপনে পাঁচ লাখ ৫১ হাজার ২৫৬ টাকা বরাদ্দ দেওয়া হয়। চেয়ারম্যান ছয়জন ইউপি সদস্যকে এসব কাজের দায়িত্ব দেন। কিন্তু তিনি পাঁচ লাখ ৫১ হাজার ২৫৬ টাকার বিপরীতে ছয় সদস্যের কাছে চেক বইয়ে সই নিয়ে এক লাখ ৬০ হাজার টাকা দেন। অবশিষ্ট টাকা আত্মসাৎ করেন। একই অর্থবছরে ইউপি কার্যালয়ের ল্যাপটপ কম্পিউটার ক্রয়, প্রজেক্টর, প্রিন্টার, ইন্টারনেট সংযোগ ক্রয় দেখিয়ে এক লাখ ২০ হাজার টাকা আত্মসাৎ করেন। ২০১২-১৩ অর্থবছরে ইউনিয়নের দেবীপুর সেতু থেকে বৈরাগীপাড়া সেতু পর্যন্ত সড়ক সংস্কারে এক লাখ ৬২ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু কোনো টাকার কাজই করা হয়নি। উপরন্তু প্রকল্পের নাম পাল্টে একই সড়কের নামে টিআর প্রকল্পের আওতায় দুই মেট্রিক টন গম বরাদ্দ নেওয়া হয়। এই কাজেও লুটপাট করা হয়।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক গত ১২ মে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবর রহমানকে তদন্তের নির্দেশ দেন। বর্তমান ইউএনও মাজহারুল ইসলাম গত ১৯ জুন অভিযোগ তদন্তের দায়িত্ব দেন উপজেলা কৃষি কর্মকর্তাকে। কৃষি কর্মকর্তা শওকত ওসমান ভবন সংস্কার, অগভীর নলকূপ, রিং স্লাব স্থাপন, ল্যাপটপ কম্পিউটারসহ বিভিন্ন সামগ্রী ক্রয় এবং সড়ক সংস্কারে বরাদ্দ করা অর্থ আত্মসাৎ করেন বলে উল্লেখ করে ২৪ জুলাই ইউএনও বরাবর তদন্ত প্রতিবেদন দেন।
ইউএনও মাজহারুল ২৪ জুলাই জেলা প্রশাসক কার্যালয়ে তদন্ত প্রতিবেদন পাঠান। জেলা প্রশাসক মো. এহছানে এলাহী ৬ আগস্ট এলজিএসপি-২-এর জাতীয় প্রকল্প পরিচালক বরাবর ওই প্রতিবেদন পাঠান।
ওই ইউপির ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য সুইটি বেগম ও ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মজিবর রহমান জানান, অভিযোগ প্রমাণিত হওয়ার পর তদন্ত প্রতিবেদন ঢাকায় পাঠানোর পর আড়াই মাস পেরিয়ে যাচ্ছে। কিন্তু ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তিনি বহাল তবিয়তে দায়িত্ব পালন করছেন। তাঁদের হুমকি দিচ্ছেন।
এসব বিষয়ে ইউপি চেয়ারম্যান আলী আশরাফ মো. জিয়াউল ইসলাম বলেন, ‘অভিযোগকারী ইউপি সদস্য শামসুল ইসলাম ও মজিবরের ভাই আমার সঙ্গে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। এ ছাড়া আমি রাজনীতিতে বিএনপির সঙ্গে যুক্ত। তাই প্রতিহিংসাবশত আমার বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ দায়ের করা হয়। ওই সব তদন্তে আমাকে অভিযুক্ত করা হয় ঠিক, কিন্তু পরবর্তী সময়ে প্রকল্প-সংশ্লিষ্ট কর্মকর্তারা তদন্ত করে আমার বিরুদ্ধে কোনো অভিযোগের প্রমাণ পাননি।’