ব্যবস্থা নেওয়ার আগেই ইস্তফা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক (কম্পিউটার) হরেন্দ্রনাথ বর্মণের বিরুদ্ধে ভুয়া সনদে চাকরি নেওয়ার অভিযোগের সত্যতা মিলেছে। বিষয়টি জানতে পেরে ব্যবস্থা গ্রহণের আগেই কথিত ওই শিক্ষক গত মঙ্গলবার চাকরি থেকে ইস্তফা দিয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রথীন্দ্রনাথ চক্রবর্তী বলেন, ‘বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কম্পিউটার) হরেন্দ্রনাথ বর্মণের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। এরপর তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা শিক্ষা অফিস গত সোমবার আমাকে জরুরি পত্র দেয়। বিষয়টি জানতে পেরে হরেন্দ্রনাথ বর্মণ তাঁর বাড়ি কর্মস্থল থেকে দূরে—এ অজুহাতে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার পত্র পাঠিয়ে দেন।’
জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেম উদ্দিন বলেন, হরেন্দ্রনাথ বর্মণ এমপিওভুক্তির আবেদন করলে তাঁর সনদগুলো যাচাইকালে দেখা যায়, তিনি সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে কম্পিউটার শিক্ষার সনদ নেননি। এ ছাড়া তাঁর শিক্ষক নিবন্ধন সনদটিও ভুয়া। তিনি বলেন, তাঁর নিবন্ধন সনদে স্থায়ী ঠিকানা রংপুর উল্লেখ থাকায়, তা যাচাইয়ের জন্য রংপুর জেলা শিক্ষা কার্যালয়কে জানানো হয়। সেখান থেকে জানানো হয়, হরেন্দ্রনাথ বর্মণের নিবন্ধন সনদটি ওই কার্যালয় থেকে দেওয়া হয়নি এবং সেখানে এ-সংক্রান্ত কোনো তথ্য নেই।
জেলা শিক্ষা কর্মকর্তা আরও বলেন, ‘প্রধান শিক্ষক আমাকে জানিয়েছেন ওই শিক্ষক গত মঙ্গলবার চাকরি থেকে পদত্যাগ করেছেন।’
হরেন্দ্রনাথ বর্মণের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।