ব্যবস্থা নেওয়ার আশ্বাস মহাপরিচালকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের উপশহরে স্যাটেলাইট টাউন হাইস্কুলের খেলার মাঠ দখলে নিয়ে বহুতল ভবন নির্মাণের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন।
গতকাল বুধবার রাজশাহীতে ৪৫তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মহাপরিচালক এ আশ্বাস দেন।
রাজশাহী সার্কিট হাউসে গতকাল বেলা তিনটায় আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ফাহিমা খাতুন বলেন, ‘আমরা একদিকে খেলাধুলার প্রসারের কথা বলব, অপরদিকে খেলার মাঠ বন্ধ করে বহুতল ভবন নির্মাণ করব, এটা তো সাংঘর্ষিক। বিষয়টি আমার জানা ছিল না। কাল (আজ বৃহস্পতিবার) আমি নিজে খেলার মাঠটি দেখতে যাব। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর আলাদা অধিদপ্তর হলেও একই মন্ত্রণালয়ের অধীনে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’
রাজশাহী নগরের উপশহরে স্যাটেলাইট টাউন স্কুলের মাঠে শিক্ষা অধিদপ্তর ছয়তলা ভিতের এই দ্বিতল ভবন নির্মাণ করছে। ইতিমধ্যে সেখানে পাইলিং ও ঢালাইয়ের কাজ শুরু হয়েছে, যা নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে রাজশাহীর বিভিন্ন সামাজিক সংগঠন ও পেশাজীবীদের মধ্যে। এ নিয়ে ১৭ জানুয়ারি প্রথম আলোর মহানগর পাতায় ‘একটি মাঠ হত্যার আয়োজন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। গত সোমবার রাজশাহীতে মানববন্ধন করেন খেলোয়াড়, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাসহ সব শ্রেণি-পেশার মানুষ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক শরমিন ফেরদৌস চৌধুরী, শারীরিক শিক্ষার উপপরিচালক ফারহানা হক, রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক দেবাশীষ প্রামাণিক।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ বৃহস্পতিবার রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ৪৫তম শীতকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এতে বিশেষ অতিথি থাকবেন রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সোহরাব হোসাইন।
চার দিনব্যাপী এই প্রতিযোগিতায় অ্যাথলেটিকের ৩৫টি ইভেন্টে ৩১২ জন শিক্ষার্থী অংশ নেবে।