খুলনা শহরে ভেজাল ওষুধের ব্যবহার অনেক বেড়ে গেছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল। যেসব দোকানে ভেজাল ওষুধ বিক্রি হচ্ছে, এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জনগণের কাছ থেকে তথ্য চেয়েছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান নগরের একটি হোটেলে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, প্রশাসক ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। ওই অনুষ্ঠানে জেলা প্রশাসক এ আহ্বান জানান।
মোস্তফা কামাল বলেন, খুলনায় ভেজাল ওষুধে ছেয়ে গেছে। ভেজাল ওষুধ বিক্রিকারী দোকান ও ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মিজানুর রহমান খুলনাবাসীকে এ কাজে সহযোগিতার জন্য প্রশাসনসহ সব সেক্টরকে এগিয়ে আসার আহ্বান জানান।
রমজানে বিদ্যুতের সরবরাহ স্বাভাবিক রাখার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে অনুরোধ জানিয়েছেন সাংসদ। রমজান ও ঈদে মানুষ যেন গভীর রাতেও নিরাপদে ঘরে ফিরতে পারে, তার সুব্যবস্থা করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।