ব্যবস্থা নেয়নি ছাত্রলীগ, অস্ত্র উদ্ধারে ব্যর্থ পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরায় ছাত্রলীগের গুলিতে মা ও জঠরে শিশু গুলিবিদ্ধ হওয়া এবং বৃদ্ধ নিহত হওয়ার ঘটনায় করা মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে এখনো কোনো সাংগঠনিক ব্যবস্থা নেয়নি ছাত্রলীগ। উল্টো ঘটনার পর গণমাধ্যমে খবর প্রকাশের প্রতিবাদে অভিযুক্তদের পক্ষে সাফাই বিবৃতি দিয়েছে জেলা ছাত্রলীগ।

এদিকে ওই ঘটনায় ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করতে পারেনি পুলিশ।
জেলা ছাত্রলীগের দেওয়া বিবৃতিতে দাবি করা হয়েছে, ছাত্রলীগের কোনো নেতা-কর্মী ওই ঘটনার সঙ্গে জড়িত নন। ঘটনার সঙ্গে জড়িত এক পক্ষের নেতা কামরুল ভূঁইয়া জেলা ছাত্রলীগের কমিটিতে নেই। তিনি আগের কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় সেন সুমন প্রধান আসামি হলেও তাঁকে মিথ্যাভাবে জড়ানো হয়েছে।
তবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও মামলার তদন্তকাজের সঙ্গে জড়িত বিভিন্ন দায়িত্বশীল কর্মকর্তাদের থেকে জানা গেছে, ঘটনায় সঙ্গে জড়িত দুই পক্ষই ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতা-কর্মী। পদ-পদবিতে না থাকলেও অভিযুক্তরা ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। দুই পক্ষই প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখরের অনুসারী বলে পরিচিত। শিখরের দুই ভাই দুই পক্ষকে সরাসরি পরিচালনা করেন। পুলিশ এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি প্রতিবেদন দাখিল করেছে। প্রধান আসামি সেন সুমন জেলা ছাত্রলীগের সভাপতি শেখ রেজাউল ইসলামের ঘনিষ্ঠ ও আস্থাভাজন হিসেবে পরিচিত। গোয়েন্দা বিভাগের সূত্র জানায়, ওই ঘটনায় ব্যবহৃত অন্তত পাঁচটি আগ্নেয়াস্ত্র জেলা ছাত্রলীগের সভাপতি সরবরাহ করেন বলে অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে জেলা যুবলীগের আহ্বায়ক এনামুল হক হিরোক প্রথম আলোকে বলেন, ‘দেশব্যাপী আলোচিত ওই ঘটনায় যেসব নেতা-কর্মীর নাম এসেছে, যাদের পোর্টফোলিও আছে তাঁদের বিরুদ্ধে ছাত্রলীগের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত ছিল। না নেওয়া দুঃখজনক।’
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার প্রথম আলোকে বলেন, ‘এ ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে এত দিন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া দরকার ছিল। এতে সংগঠনের ভাবমূর্তি উজ্জ্বল হতো। কিন্তু তা তারা নেয়নি। তারা আমার কথা শোনে না। আমাকে ডাকেও না। তাঁদের কাজ মাননীয় প্রধানমন্ত্রী এপিএস সাইফুজ্জামান শিখর আসলে তাঁকে প্রটোকল দেওয়া। তাঁর পেছন পেছন ঘোরা। তিনিই কাউকে ক্ষমতা খাঁটিয়ে ছাত্রলীগের ওই পকেট কমিটি করেছেন।’
ঘটনায় অভিযুক্তরা কেউ তাঁর অনুসারী নয়—এমনটা দাবি করে সাইফুজ্জামান শিখর বলেন, ‘অযথা আমার নাম জড়ানো হচ্ছে। তাঁদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কিছুদিন আগেও কামরুল, আলী, আজিব্বররা এক সঙ্গে ছিল। এদের সবাই চেনে।’

উদ্ধার করতে পারেনি পুলিশ: ঘটনার পর সতেরো দিন পেরিয়ে গেলেও এ ঘটনায় ব্যবহৃত একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করতে পারেনি পুলিশ। মামলায় গোলাগুলির কথা উল্লেখ করা হয়েছে। এদিকে পুলিশও বলছে, ওই ঘটনায় দুই পক্ষই গুলি করেছিল। সংঘর্ষের সময় অন্তত পাঁচ থেকে সাতটি আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত ছাত্রলীগের দুই পক্ষই সন্ত্রাস-চাঁদাবাজি, টেন্ডারবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
অস্ত্র উদ্ধার করতে না পারার ব্যাপারে জানতে চাইলে পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘অস্ত্র উদ্ধার হবে। তবে এখন আমাদের মূল লক্ষ্য আসামি গ্রেপ্তার। সব আসামিকে গ্রেপ্তার করতে পারলেই সফলতা আসবে।’
বাদী-পুলিশের সন্দেহ-অবিশ্বাস: এ ঘটনায় করা মামলায় ১৬ আসামির মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঘটনায় ব্যবহৃত একটি অস্ত্রও উদ্ধার করতে পারেনি। এ ব্যাপারে মামলার বাদী রুবেল ভূঁইয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, মামলার ১০ আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে। পুলিশ একটি অস্ত্রও উদ্ধার করতে পারেনি। আসামিদের রিমান্ডে নেওয়া নিয়ে চলছে গড়িমসি। সবকিছু দেখে মনে হচ্ছে, প্রশাসন কারও ইশারায় চলছে। এখন ন্যায় বিচার পাব কি না সেটাই বড় প্রশ্ন।
বাদীর এই সন্দেহের সঙ্গে তদন্ত সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তার কথা মিল খুঁজে পাওয়া গেল। নাম প্রকাশ না করে ওই কর্মকর্তা বলেন, আসামি গ্রেপ্তার, দৌড়-ঝাঁপ সবকিছুই ‘আইওয়াশ’। দেখবেন, এ ঘটনায় শেষ পর্যন্ত কিছুই হবে না। দুই পক্ষই সরকার দলীয়। এদের মদদদাতারা ক্ষমতাবান। পুলিশের কিছুই করার নেই। এক সময় দুই পক্ষই ‘মিউচুয়াল’ করে ফেলবে। এটা সময়ের ব্যাপার।
ওই পুলিশ কর্মকর্তা বলেন, ‘ঘটনাক্রমে এক পক্ষ ক্ষতিগ্রস্থ হয়েছে। তাই অন্য পক্ষ পলাতক। কিন্তু যে পক্ষ আছে, তাঁদের অস্ত্র গেল কোথায়? তাঁরাও তো গোলাগুলি করেছে। এসব বললে আমার চাকরি থাকবে না। আপনারা সবই বোঝেন।’
যোগাযোগ করা হলে মাগুরা সদর উপজেলার পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তানজিলা রহমান প্রথম আলোকে বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িত দুই পক্ষই সন্ত্রাসী। তাঁরা ছাত্রলীগ করে। শুনছি, এদের কিছুই হবে না। “বড়বাড়ির লোকজন” এদের মদদদাতা। তাঁদের হাতে বিশাল ক্ষমতা।’
তানজিলা বলেন, ‘মায়ের পেটে শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনা নজিরবিহীন। বাংলাদেশে কেন, আমরা পৃথিবীর কোথাও এমন ঘটনা ঘটেছে বলে শুনিনি। আমরা চাই, মদদ দাতাসহ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। কেউ যেন ছাড় না পায়।’