ব্যবস্থাপককে নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেডের রংপুর মন্থনা তামাক ক্রয় ও প্রসেসিং কেন্দ্রের ব্যবস্থাপক আবদুল কাদেরকে শারীরিক ও মানসিক নির্যাতনের প্রতিবাদে ও বেতন বৃদ্ধির দাবিতে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। লালমনিরহাটের কালীগঞ্জের ভোটমারীতে আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীরা এসব কর্মসূচি পালন করেন।
বিক্ষোভ মিছিলটি লালমনিরহাট-পাটগ্রাম-বুড়িমারী জাতীয় মহাসড়কের ভোটমারী এলাকা প্রদক্ষিণ শেষে ভোটমারী বাজার এলাকায় প্রতিবাদ সমাবেশ করে। এতে লালমনিরহাটের হাতীবান্ধা, ভোটমারী ও ভোটমারী বাজার শাখার বিড়ি ফ্যাক্টরি এবং তামাক ক্রয় ও প্রসেসিং কেন্দ্রে কর্মরত সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকেরা অংশ নেন।
প্রতিবাদ সমাবেশ থেকে নির্যাতনকারী পরিচালক শেখ আবদুল আজিজের অপসারণ ও কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির দাবি জানানো হয়। ১৫ দিনের মধ্যে এসব দাবি পূরণ না করা হলে আরও কঠোর কর্মসূচি নেওয়ার ঘোষণা দেওয়া হয়।