একটি বাড়ি একটি খামার প্রকল্পভুক্ত সমিতির ব্যবস্থাপকের বিরুদ্ধে সদস্যদের সঞ্চয়ের টাকা ও ঋণের কিস্তির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের শহরকুড়ি-দক্ষিণ চেচুরিয়া গ্রাম উন্নয়ন সমিতিতে এ ঘটনা ঘটেছে।
সমিতির ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছেন দক্ষিণ চেচুরিয়া গ্রামের সেকেন্দার আলী। সেকেন্দারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উপজেলা সমন্বয়ককে জানালেও তাঁর (ব্যবস্থাপক) বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছেন সমিতির সদস্যরা।
উপজেলা সমন্বয়ক কার্যালয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে উপজেলায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের ৫৪টি সমিতি রয়েছে। এসব সমিতির সদস্যদের নামে তিন কোটি ৪৯ লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে। এর মধ্যে এক কোটি ৫০ লাখ টাকা ঋণ আদায় হয়েছে। পাঁচ-ছয়টি সমিতির ব্যবস্থাপক সদস্যদের ঋণের টাকা জমা দিতে গড়মিল করেছেন। এসব সমিতি দেখভালের জন্য প্রতিটি ইউনিয়নে একজন করে তত্ত্বাবধায়ক রয়েছেন।
সমিতির সদস্য আবদুর রাজ্জাক জানান, ১৫-১৬ দিন আগে সেকেন্দারের বিরুদ্ধে উপজেলা সমন্বয়ক মাহফুজার রহমানের কাছে তাঁরা অভিযোগ করেন। কিন্তু মাহফুজার কোনো ব্যবস্থা না নেওয়ায় সমিতির সদস্যরা গত বৃহস্পতিবার আবারও এ ব্যাপারে মৌখিক অভিযোগ করেন।
রাজ্জাক আরও জানান, তাঁর সঞ্চয় বইতে আট হাজার ৭৫০ টাকা উল্লেখ থাকলেও উপজেলা সমন্বয়ক কার্যালয়ের তালিকায় দু্ই হাজার টাকা কম তোলা হয়েছে। সমিতির ব্যবস্থাপক প্রতিমাসে সদস্যদের কাছ থেকে টাকা নিয়ে কার্যালয়ে জমা করেন না। কাজেই এর দায় সেকেন্দারের।
আরেক সদস্য আইন উদ্দিন জানান, তিনি ১০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। গত জুন মাসে সেই ঋণের টাকা শোধ করেছেন। কিন্তু তা কার্যালয়ে এখনো জমা হয়নি। আবার ঋণের জন্য কার্যালয়ে যোগাযোগ করলে তিনি বিষয়টি জানতে পারেন।
আরেক সদস্য আকরাম হোসেন জানান, প্রতি মাসে সঞ্চয়ের টাকা ও কিস্তির টাকা ব্যবস্থাপকের কাছে জমা দেওয়ার পর মুঠোফোনে খুদে বার্তা আসার কথা থাকলেও তাঁরা কোনো খুদে বার্তা পান না।
সমিতির ব্যবস্থাপক সেকেন্দার বলেন, ‘সমিতির সদস্য হওয়ার সময় সদস্যদের কোনো মুঠোফোন সেট ছিল না। তাই আমার নম্বর ব্যবহার করেছি। যেসব সদস্যের লেনদেনে সমস্যা দেখা দিয়েছে, তাঁদের টাকা শিগগিরই কার্যালয়ে জমা দিয়ে দেব।’
একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়ক মাহফুজার জানান, ব্যবস্থাপকের অনিয়মের বিষয়টি বৃহস্পতিবারই প্রথম তিনি জানতে পেরেছেন। ব্যবস্থাপককে কার্যালয়ে ডাকা হয়েছে। ওই ইউনিয়নের তত্ত্বাবধায়ক বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকায় এ সমস্যা দেখা দিয়েছে।
প্রকল্পের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমান খান জানান, এ ধরনের অনিয়মের কোনো অভিযোগ তাঁকে জানানো হয়নি। এ বিষয়ে উপজেলা সমন্বয়কের সঙ্গে যোগাযোগ করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।